1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ট্রেড লাইসেন্সে অনিয়ম ও হয়রানি: ডিএসসিসির সুপারভাইজারকে অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে
রাজধানী ডেস্ক
ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে অনিয়ম, অর্থ আদায় এবং সেবাগ্রহীতাদের দীর্ঘমেয়াদি হয়রানির সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা তলব করেছে সংস্থাটির প্রশাসন।
অব্যাহতি পাওয়া ওই কর্মকর্তার নাম মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের আওতাধীন বিবিধ আদায় শাখা, অঞ্চল-৪-এ লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। ডিএসসিসি সূত্রে জানা গেছে, সেবা কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং নাগরিক দুর্ভোগ লাঘবে সংস্থাটির কঠোর অবস্থানের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
ডিএসসিসির দায়িত্বশীল কর্মকর্তাদের সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১৬ আগস্ট) রাজধানী ঢাকায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, যানজট নিরসন এবং নাগরিক সেবামূলক কার্যক্রম, বিশেষ করে ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহজীকরণের ওপর এ সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ ছাড়া সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ডিসিসিআই ও বিভিন্ন আঞ্চলিক ব্যবসায়ী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনা পর্বে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো অঞ্চল-৪-এর রাজস্ব কার্যক্রমের গুরুতর অনিয়ম ও অব্যবস্থাপনার তথ্য তুলে ধরেন। তিনি অভিযোগ করে বলেন, গত ২৩ ও ২৪ জুন ডিএসসিসির তত্ত্বাবধানে তাৎক্ষণিক বা ‘অনস্পট’ ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের জন্য একটি বিশেষ রাজস্ব ক্যাম্প পরিচালিত হয়। ওই ক্যাম্প চলাকালে দায়িত্বপ্রাপ্ত লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ মৌলভীবাজার এলাকার বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ২০২৫-২৬ অর্থবছরের মোট ২২টি ট্রেড লাইসেন্স নবায়ন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরাসরি নগদ অর্থ গ্রহণ করেন।
ব্যবসায়ী নেতাদের বক্তব্যে প্রকাশ পায়, নির্দিষ্ট সময় ও অর্থবছর অতিবাহিত হওয়ার পরও দেড় মাসের বেশি সময়ে ওই ২২টি ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি। ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা নানা ধরনের প্রশাসনিক ও আইনি জটিলতায় পড়েন। যথাসময়ে বৈধ ট্রেড লাইসেন্স না পাওয়ায় ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয় এবং ভুক্তভোগী ব্যবসায়ীরা ধারাবাহিক হয়রানির শিকার হয়ে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ জানান।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিলম্বের কারণ জানতে ভুক্তভোগী ব্যবসায়ী এবং সমিতির প্রতিনিধিরা বারবার সংশ্লিষ্ট কর্মকর্তা মোস্তফা নূরউদ্দিন আহম্মেদের সঙ্গে টেলিফোনে ও সরাসরি যোগাযোগ করলেও তিনি দায়িত্বশীল আচরণ করেননি। বরং সুনির্দিষ্ট কোনো সমাধান না দিয়ে ‘আজ দেব, কাল দেব’ বলে দিনের পর দিন সময়ক্ষেপণ ও টালবাহানা করে আসছিলেন।
ব্যবসায়ী প্রতিনিধির কাছ থেকে প্রকাশ্য সভায় সুনির্দিষ্ট এই অভিযোগ শোনার পর ডিএসসিসির প্রশাসক তাৎক্ষণিকভাবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রশাসকের পর্যবেক্ষণ ও প্রধান নির্বাহী কর্মকর্তার প্রশাসনিক আদেশের প্রেক্ষিতে অভিযুক্ত সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারের দায়িত্ব থেকে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হয়।
ডিএসসিসি প্রশাসন সূত্রে জানানো হয়েছে, দায়িত্ব থেকে অব্যাহতির পাশাপাশি মোস্তফা নূরউদ্দিন আহম্মেদের কাছে উত্থাপিত অনিয়ম ও অর্থ লেনদেনের বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর লিখিত জবাব দাখিল করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাপ্ত জবাব সন্তোষজনক না হলে অথবা অভিযোগের সত্যতা প্রাতিষ্ঠানিক তদন্তে সম্পূর্ণরূপে প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত চাকরি বিধিমালা ও দেশের প্রযোজ্য আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ব্যবসা খাতের অংশীজনরা সিটি করপোরেশনের এই তাত্ক্ষণিক সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, ট্রেড লাইসেন্স সংক্রান্ত নাগরিক সেবা ডিজিটালাইজড ও সহজ করার উদ্যোগ নেওয়া হলেও মাঠপর্যায়ের কিছু অসাধু কর্মচারীর কারণে সাধারণ ব্যবসায়ীরা হয়রানির শিকার হন। এ ধরনের প্রশাসনিক নজরদারি ও জবাবদিহিতা অব্যাহত থাকলে সিটি করপোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি সাধারণ নাগরিকদের সরকারি সেবা গ্রহণ আরও নির্বিঘ্ন হবে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026