রাজধানী ডেস্ক
গণপরিবহনে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। সম্পূর্ণ নারী চালক ও নারী কন্ডাক্টর দ্বারা পরিচালিত ‘পিংক বাস’ নামের এই বিশেষ পরিবহন সেবা মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে সড়কে নামছে। প্রাথমিকভাবে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ১০টি এবং ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামে আরও চারটি বাস নিয়ে এ কার্যক্রম শুরু হচ্ছে।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারী যাত্রীদের জন্য এই বিশেষ সেবা চালু করা হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, নারী যাত্রীদের বাড়তি নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে বাসগুলোর অভ্যন্তরীণ পরিচালন ব্যবস্থাপনায় যুক্ত থাকবেন নারী কর্মীরাই। চালক থেকে শুরু করে কন্ডাক্টর—উভয় পদেই নারীরা দায়িত্ব পালন করবেন। রাজধানীর ব্যস্ত সময়ে গণপরিবহনে নারীদের নিয়মিত যে ধরনের ভোগান্তি ও ভিড়ের মুখে পড়তে হয়, তা নিরসনে সরকারের এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
রাজধানীর বিভিন্ন ডিপোর অধীনে নির্ধারিত গুরুত্বপূর্ণ রুটগুলোতে এসব বাস নিয়মিত চলাচল করবে। মতিঝিল বাস ডিপোর অধীনে নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল রুটে বাস চলবে কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে। একই ডিপোর অধীনে তালতলা-মতিঝিল রুটের বাসটি খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে চলাচল করবে।
যাত্রাবাড়ী বাস ডিপোর আওতায় ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও পর্যন্ত একটি বাস পরিচালিত হবে। এ বাসটি বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন রুট ব্যবহার করবে। কল্যাণপুর বাস ডিপোর অধীনে মিরপুর-১০ থেকে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল রুটে বাস চলবে।
মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে দুটি রুটে বাস চলাচল করবে। এর মধ্যে মিরপুর-মতিঝিল রুটের বাসটি মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে চলবে। অপরটি মিরপুর-১২ থেকে মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে। মোহাম্মদপুর বাস ডিপোর অধীনে বাসটি মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল পৌঁছাবে।
জোয়ারসাহারা বাস ডিপোর অধীনে আব্দুল্লাহপুর থেকে মতিঝিল রুটের বাসটি বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে পরিচালিত হবে। গাজীপুর বাস ডিপোর বাসটি গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশকোনা হয়ে বিমানবন্দর পর্যন্ত সেবা প্রদান করবে।
ঢাকার বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলাচল করবে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে গন্তব্যে পৌঁছাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের সফল বাস্তবায়ন কর্মজীবী নারী ও নারী শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াতে উল্লেখযোগ্য স্বস্তি নিয়ে আসবে।