বিনোদন ডেস্ক
পরিবারকে রক্ষার লড়াইয়ে এক সাধারণ মানুষের অসাধারণ বুদ্ধিমত্তার গল্প নিয়ে আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় মালয়ালম চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’। এই সিরিজের প্রথম দুই কিস্তির অভাবনীয় সাফল্যের পর এবার আসছে ‘দৃশ্যম ৩’। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ট্রেলারে জর্জকুট্টির জীবনে এক অজানা বিপদের সংকেত দেওয়া হয়েছে, যা আগের দুই পর্বের চেয়েও বেশি রহস্যময় বলে ধারণা করা হচ্ছে।
শনিবার রাতে ভারতের কোচিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ছবিটির ট্রেলার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে পরিচালক জিতু জোসেফ জানান, এবারের গল্পের প্রেক্ষাপট এবং টানাপড়েন আগের ছবিগুলোর তুলনায় অনেকটাই আলাদা। পরিচালকের ভাষ্যমতে, প্রথম ও দ্বিতীয় পর্বে প্রধান চরিত্র জর্জকুট্টি জানতেন কারা তাঁর ওপর নজর রাখছে বা কারা তাঁকে অনুসরণ করছে। কিন্তু তৃতীয় কিস্তিতে পরিস্থিতি এমনভাবে সাজানো হয়েছে যেখানে জর্জকুট্টি নিজেই বুঝতে পারছেন না ঠিক কে বা কারা তাঁর পেছনে লেগেছে। এই অনিশ্চয়তা ছবির পরতে পরতে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি উল্লেখ করেন।
পূর্ববর্তী কিস্তিগুলোতে দেখা গিয়েছিল, একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন এবং নিহত তরুণের পরিবারের সঙ্গে জর্জকুট্টির মনস্তাত্ত্বিক লড়াই। তবে পরিচালক ইঙ্গিত দিয়েছেন যে, নতুন ছবিতে পরিস্থিতি আরও জটিল এবং বিপজ্জনক মোড় নেবে। দর্শকদের জন্য বিশেষ চমক রাখার উদ্দেশ্যে গল্পের মূল রহস্য গোপন রাখলেও তিনি জানিয়েছেন, এবারের সংকট জর্জকুট্টির মেধা ও ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা নেবে।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রে ছিলেন ছবিটির নাম ভূমিকায় অভিনয় করা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের মহাতারকা মোহনলাল। তিনি হাস্যরসের ছলে সিরিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। মোহনলাল বলেন, জর্জকুট্টি চরিত্রটি এখনো ফুরিয়ে যায়নি এবং এর যাত্রা দীর্ঘ হতে পারে। দর্শকের চাহিদা থাকলে ভবিষ্যতে ‘দৃশ্যম ৪’ কিংবা ‘দৃশ্যম ৫’ তৈরির সম্ভাবনাও রয়েছে। তিনি আরও যোগ করেন, ছবির প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর ইতিপূর্বেই পরবর্তী কিস্তিগুলো নিয়ে প্রাথমিক পরিকল্পনা শুরু করে দিয়েছেন।
২০১৩ সালে প্রথম ‘দৃশ্যম’ মুক্তি পাওয়ার পর তা কেবল দক্ষিণ ভারতেই নয়, বরং সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। একজন সাধারণ কেবল টিভি ব্যবসায়ী কীভাবে ঠান্ডা মাথায় আইনি জটিলতা থেকে নিজের পরিবারকে রক্ষা করেন, সেই কৌশল দর্শকদের মুগ্ধ করেছিল। পরবর্তীকালে ছবিটির হিন্দি সংস্করণসহ বিভিন্ন ভাষায় রিমেক তৈরি হয় এবং প্রতিটি সংস্করণই ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসা অর্জন করে।
‘দৃশ্যম ৩’-এ জর্জকুট্টির পরিবারের পুরনো সদস্যরাই পর্দায় ফিরছেন। মোহনলালের পাশাপাশি স্ত্রী ও কন্যার চরিত্রে যথাক্রমে মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিলকে দেখা যাবে। ট্রেলারের দৃশ্যপটে দেখা যায়, পূর্বের বিভীষিকাময় ঘটনাগুলোর পর জর্জকুট্টির পরিবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করলেও তিনি নিজে মানসিকভাবে বিপর্যস্ত। এক অজানা আতঙ্ক তাঁকে তাড়া করে ফিরছে এবং অতীতের ছায়া আবারও তাঁর বর্তমানকে গ্রাস করতে উদ্যত হয়েছে। মনস্তাত্ত্বিক এই রোমাঞ্চকর চলচ্চিত্রটি আগামী ২১ মে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।