বিনোদন ডেস্ক
আসন্ন ঈদকে সামনে রেখে দুটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছে সংগীতদল অ্যাশেজ। ‘বিভ্রম’ ও ‘ডানাহীন পাখি’ শিরোনামের অ্যালবাম দুটি থেকে চাঁদরাতে প্রাথমিকভাবে দুটি গান প্রকাশ করা হবে। পরবর্তী সময়ে প্রতি সপ্তাহে একটি করে গান উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সময় মানবিক উদ্যোগভিত্তিক একটি প্রকল্পের নতুন গানও প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দলটি।
দলটির তথ্য অনুযায়ী, ‘বিভ্রম’ অ্যালবামে রয়েছে নয়টি এবং ‘ডানাহীন পাখি’তে আটটি গান। গানগুলো গত আট থেকে দশ বছরে বিভিন্ন সময়ে সৃষ্ট ও পরিবেশিত হলেও অ্যালবাম আকারে এবারই প্রথম প্রকাশ পাচ্ছে। এর মধ্যে কিছু গান কনসার্ট ও বিশেষ আয়োজনে পরিবেশিত হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে রেকর্ডেড সংস্করণ হিসেবে প্রকাশিত হয়নি।
অ্যাশেজের দলনেতা ও ভোকাল জুনায়েদ ইভান জানিয়েছেন, নতুন দুটি অ্যালবামে সুর, সংগীতায়োজন ও ভাবনায় পরীক্ষামূলক দৃষ্টিভঙ্গি অনুসরণ করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গানগুলোর মূল ভাবনা অবস্তুগত সুখ বা অদৃশ্য আনন্দের অনুসন্ধান। আধুনিক জীবনের বস্তুবাদী প্রবণতার বিপরীতে প্রকৃতি, মানবিক সম্পর্ক ও ব্যক্তিগত অনুভবের জায়গাগুলোকে সংগীতের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মানুষের অস্তিত্বগত প্রশ্ন, নিজস্ব দ্বন্দ্ব এবং আত্ম-অন্বেষণের বিষয়গুলোও গানের কথায় প্রতিফলিত হয়েছে বলে জানান তিনি।
অ্যালবাম প্রকাশের পর প্রচারণা কার্যক্রমেও ভিন্নধর্মী পরিকল্পনা গ্রহণ করেছে দলটি। ঈদের পর দেশের বিভিন্ন জেলায় দুটি অ্যালবামের গান নিয়ে একক কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক শ্রোতাকে নিয়ে বিশেষ ‘লিসনিং পার্টি’ আয়োজনের কথাও জানিয়েছে দলটি। এ ধরনের আয়োজন পাহাড় ও সমুদ্রসংলগ্ন স্থানে করার বিষয়ে প্রস্তুতি চলছে। এসব আয়োজনে গান পরিবেশনের পাশাপাশি প্রতিটি গানের নেপথ্য কাহিনি ও সৃষ্টিপ্রক্রিয়া তুলে ধরা হবে বলে জানা গেছে।
অ্যাশেজ এর আগে ‘মানুষের জন্য’ শিরোনামে একটি মানবিক প্রকল্পভিত্তিক অ্যালবামের ঘোষণা দিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, ১০টি গান নিয়ে নির্মিত ওই অ্যালবামের সম্ভাব্য সব আয় অসচ্ছল ও জটিল রোগে আক্রান্ত রোগীদের সহায়তায় ব্যয় করার কথা রয়েছে। ব্যান্ড সদস্যরা ব্যক্তিগতভাবে কোনো সম্মানী গ্রহণ করবেন না বলে জানানো হয়েছে। সংগৃহীত অর্থ হাসপাতালের তহবিলে প্রদান করে ক্যানসার, কিডনি, পক্ষাঘাত ও চোখের জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
জুনায়েদ ইভান বলেন, অতীতে বিভিন্ন মানবিক সংকটে ব্যক্তিগত উদ্যোগে সহায়তা করলেও কাঙ্ক্ষিত পরিসরে সহযোগিতা পৌঁছানো সম্ভব হয়নি। সে অভিজ্ঞতা থেকেই সংগীতভিত্তিক একটি টেকসই উদ্যোগের পরিকল্পনা করা হয়েছে। তাঁর মতে, সংগীতের মাধ্যমে মানুষের সংকট ও বাস্তবতা তুলে ধরলে বৃহত্তর শ্রোতাসমাজ সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। ঈদের দুটি অ্যালবামের মাঝামাঝি সময়ে ‘মানুষের জন্য’ প্রকল্পের একটি নতুন গান প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে আগামী মে মাসে ইউরোপ সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অ্যাশেজ। ইতালির রোম ও ভেনিস এবং ফ্রান্সের প্যারিসে কনসার্ট আয়োজন চূড়ান্ত হয়েছে। সময়সীমা ও দেশের ভেতরে পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে আপাতত তিনটি শোতেই সীমাবদ্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বিদেশে কনসার্ট আয়োজনের ক্ষেত্রে ভ্রমণ ও সময় ব্যবস্থাপনার সীমাবদ্ধতার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। বছরের অন্য সময় অতিরিক্ত আন্তর্জাতিক কনসার্টের সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন দলনেতা।
অ্যাশেজের বর্তমান সদস্যরা হলেন—ভোকালে জুনায়েদ ইভান, গিটারে সুলতান রাফসান খান, বেজ গিটারে ওয়াহিদ উজ জামান তূর্য, কি–বোর্ডে আদনান বিন জামান এবং ড্রামসে তৌফিক আহমেদ বিজয়। সাম্প্রতিক বছরগুলোতে বিকল্পধারার সংগীতে দলটি সক্রিয় রয়েছে এবং নিয়মিত কনসার্ট ও নতুন গানের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।