‘সুস্থ ভবিষ্যতের লক্ষ্যে ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফার্মেসি বিভাগের আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম ভবনের ইঞ্জিনিয়ারিং গ্যালারিতে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে আনন্দ র্যালি করেন তারা।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিরাপদ ওষুধের ব্যবহার নিশ্চিত করা এবং সুস্থ ভবিষ্যৎ গঠনে ফার্মাসিস্টদের আরও দক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
উপ-উপাচার্য (শিক্ষা) আরও বলেন, আজকের এই বিশ্ব ফার্মাসিস্ট দিবসে নিরাপদ ও যৌক্তিক ওষুধের ব্যবহার নিশ্চিত করা, ফার্মাসিস্টদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবায় তাদের কার্যকর অবদান নিশ্চিত করার মধ্য দিয়ে একটি সুস্থ, নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে বিভাগের শিক্ষার্থীদের তৈরি করা ভিডিও চিত্র প্রদর্শন এবং শ্রেষ্ঠ বিবেচিত তিনটি ভিডিও চিত্র নির্মাতাদের পুরস্কার প্রদান করা হয়। উপ-উপাচার্যদ্বয় এসব পুরস্কার দেন। পরে জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবন চত্বর থেকে এক শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উপ-উপাচার্যদ্বয় শোভাযাত্রা উদ্বোধন করেন। এতে বিভাগের সভাপতিসহ শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।