দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার সাহেবগঞ্জ আদর্শ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ খেলায় নারী ফুটবলারদের নৈপুণ্য দেখতে মাঠে জড়ো হন হাজারো দর্শক। টুর্নামেন্টে অংশ নেয় এ আর রহমান নারী ফুটবল একাডেমি, নীলফামারী ও পঞ্চগড় নারী ফুটবল দল। খেলা ঘিরে মাঠ ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। নারী ফুটবলারদের খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলায় বক্তব্য দেন ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফেরদৌস হোসেন মন্ডল, ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, সাবেক জেলা পরিষদ সদস্য মো. শরিফুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী এবং কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে আরও উপস্থিত ছিলেন ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকদের মধ্য থেকে আব্দুর রাজ্জাক জানান, নারী ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি, স্থানীয় পর্যায়ে খেলোয়াড়দের উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। খেলাটি উপভোগ করতে আসা দর্শকরাও এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।