আন্তর্জাতিক ডেস্ক
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের ভোটে সংস্থাটির নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার প্রবীণ কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। তিনি বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হবেন। বর্তমান মহাসচিবের মেয়াদ ২০২৬ সালের নভেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। এর পরই নতুন মহাসচিব দায়িত্ব গ্রহণ করবেন।
আন্তর্জাতিক অঙ্গনে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন ইসমাইল উলদ শেখ আহমেদ এর আগে জাতিসংঘে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কয়েকটি জটিল রাজনৈতিক ও নিরাপত্তা সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আফ্রিকান ইউনিয়ন তাকে ২০২৭-২০৩২ মেয়াদের জন্য ওআইসির মহাসচিব পদে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছিল।
ওআইসির বিধান অনুযায়ী, মহাসচিবের নির্দিষ্ট কার্যকাল পাঁচ বছর এবং এই মেয়াদ একবার নবায়ন করার সুযোগ রয়েছে। সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদে ভৌগোলিক ভারসাম্য, প্রশাসনিক দক্ষতা ও সততার মাপকাঠিতে ভোটাভুটির মাধ্যমে এই শীর্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওআইসির মতো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থায় এই পরিবর্তন মুসলিম বিশ্বের কূটনৈতিক সম্পর্কে নতুন গতি আনতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।