বাংলাদেশ ডেস্ক
নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার সকাল ১০টা ২৭ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে এ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিন বাহিনীর একটি সুসজ্জিত দল নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন-বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে নিজের অনুভূতি ও দেশের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মন্তব্য লিপিবদ্ধ করেন।
পরিদর্শন-বইয়ের মন্তব্যে রাষ্ট্রপতি উল্লেখ করেন, জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ, অসীম সাহস ও দেশপ্রেমের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। এই পবিত্র স্মৃতিসৌধ জাতীয় গৌরব, আত্মত্যাগ ও ঐক্যের চিরন্তন স্মারক হিসেবে দেশগঠনে চিরকাল অনুপ্রেরণা জোগাবে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তাঁদের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জাতীয় ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের ওপর শান্তি ও সমৃদ্ধি বর্ষণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।
শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শন-বইয়ে স্বাক্ষর শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয় পদ্ম বৃক্ষের চারা রোপণ করেন এবং এরপর স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব জেনারেল এ এস এম বাহাউদ্দিন, প্রেস সচিব মো: সরওয়ার আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সাভার ক্যান্টনমেন্টের জেনারেল অফিসার কমান্ডিংসহ (জিওসি) উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে শুক্রবার বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করেন।