নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে মানবিক ও জরুরি চিকিৎসাসেবা কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত ও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সহায়তা সংস্থা মেডসাঁ সাঁ ফ্রতিয়ের (এমএসএফ)। দেশের যেকোনো মানবিক সংকট ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এ বৈঠকে বাংলাদেশে এমএসএফের চলমান বিভিন্ন মানবিক ও চিকিৎসাসেবা প্রকল্প, জরুরি স্বাস্থ্য ব্যবস্থাপনা, দুর্যোগকালীন চিকিৎসা সহায়তা এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের সামগ্রিক রূপরেখা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
বৈঠকে উপদেষ্টা হুমায়ুন কবির দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন সংকটকালীন মুহূর্তে এমএসএফের দীর্ঘদিনের মানবিক অবদানের কথা তুলে ধরেন এবং তাদের ভূমিকার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, বাস্তুচ্যুতি বা বড় ধরনের মানবিক সংকটের সময়ে মানুষের জীবন রক্ষা ও দ্রুততম সময়ে মানসম্মত জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক ও সেবামূলক সংস্থাগুলোর অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা কার্যকর ভূমিকা পালন করে।
আলোচনায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে জাতীয় সক্ষমতা বৃদ্ধি এবং জরুরি চিকিৎসাসেবা কাঠামোর উন্নয়নের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। প্রাকৃতিক দুর্যোগ, মহামারির প্রাদুর্ভাব এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কীভাবে তাৎক্ষণিক ও ফলপ্রসূ চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়, তা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করে। একই সঙ্গে বৈশ্বিক অভিজ্ঞতা ও আধুনিক চিকিৎসাব্যবস্থার জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের স্থানীয় চিকিৎসাকর্মীদের দক্ষতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়।
এমএসএফের প্রতিনিধিদল মাঠপর্যায়ে তাদের বিভিন্ন মানবিক প্রকল্পের কার্যক্রম ও অভিজ্ঞতার বাস্তব চিত্র তুলে ধরে। দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি চিকিৎসা সহায়তা প্রদানের ক্ষেত্রে যেসব কাঠামোগত ও লজিস্টিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সে সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে কার্যক্রম সম্প্রসারণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করা হয়।
বৈঠকে মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। এছাড়া জরুরি স্বাস্থ্যসেবা অবকাঠামোর উন্নয়ন, দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের বিষয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সংস্থাটির আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইম জানান, এমএসএফ দীর্ঘ সময় ধরে নিরপেক্ষভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে এবং বাংলাদেশে মানবিক চিকিৎসাসেবা পরিচালনা করে আসছে। বাংলাদেশে তাদের সেবামূলক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় যেকোনো স্বাস্থ্যসেবা সহায়তা দিতে সংস্থাটি প্রস্তুত রয়েছে।
উক্ত বৈঠকে এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইম ছাড়াও বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এলকো ব্রুমেলম্যান, মালয়েশিয়া মিশনের আঞ্চলিক মানবিক বিষয়ক প্রধান আনা আনসারি এবং বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাডভাইজার ইমামুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকের সমাপ্তিতে উভয় পক্ষ স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তার ক্ষেত্রে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে।