রাজনীতি ডেস্ক
গণতন্ত্রকে টেকসই ও সুসংহত করতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিগত দিনে দেশের জনগণ রাজপথে থেকে সকল ষড়যন্ত্র সফলভাবে মোকাবেলা করেছে এবং ভবিষ্যতেও যেকোনো চক্রান্ত রাজপথ থেকেই প্রতিহত করা হবে।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাধীনতা বিরোধীদের গণতন্ত্র নস্যাতের হুমকি মোকাবেলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলসমূহের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বর্তমান সরকারের মেয়াদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের এখনো ছয় মাস পূর্ণ হয়নি। একটি গণতান্ত্রিক সরকারকে কাজের মূল্যায়ন করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন। অথচ একটি মহল কোনো সময় না দিয়েই সরকার উৎখাত করে দ্রুত ক্ষমতায় যাওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
সাবেক সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরে ফ্যাসিস্ট সরকারের প্রধানের দেশে ফিরে আসার পথ যারা প্রশস্ত করতে চায়, তাদেরকেই এর সম্পূর্ণ দায়ভার নিতে হবে। জনগণের অধিকার রক্ষায় এবং রাষ্ট্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড খান মো. নুরে আলমসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে যেকোনো মূলფে রক্ষা করতে হবে। স্বাধীনতা বিরোধী ও ফ্যাসিবাদী শক্তির যেকোনো ধরনের অগণতান্ত্রিক তৎপরতা ও ষড়যন্ত্র রুখে দিতে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিগুলোকে পারস্পরিক মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।