শিক্ষকদের অবসর ভাতার ৭ হাজার কোটি টাকা বিগত আওয়ামী লীগ সরকার আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিগত সরকার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের নামে হাজার কোটি টাকা অপচয় করেছে।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে ‘ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য ও আবাসনসহ রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কেবল সমালোচনা না করে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। বর্তমান সরকারের বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোড়ে জোনায়েদ আব্দুর রহিম সাকি ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।