পরিবেশ ডেস্ক
বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ পরিস্থিতির ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজধানী ঢাকার বায়ুমান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) রিয়েল-টাইম ডেটা অনুযায়ী, ১৩২ স্কোর নিয়ে তালিকার নবম অবস্থানে রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই স্কোর শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
আইকিউএয়ারের তথ্য অনুসারে, আজ বিশ্বব্যাপী বায়ুদূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর, যার স্কোর ১৭৬। ১৭২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা এবং ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। এছাড়া শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ইরাকের বাগদাদ ও পাকিস্তানের লাহোর।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুর মান ‘ভালো’ বা নিরাপদ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে ‘মাঝারি’ বা সহনীয় ধরা হয়। তবে স্কোর ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
বিশেষজ্ঞদের মতে, ভৌগোলিক অবস্থান, অপরিকল্পিত নগরায়ন, নির্মাণ কাজের আধিক্য এবং ট্রাফিক অব্যবস্থাপনার কারণে ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেন্জের মুখোমুখি হয়ে আসছে। সাধারণত শীতকালে বাতাসের মান মারাত্মক অবনতি ঘটে এবং বর্ষা মৌসুমে তা কিছুটা সুধরে আসে। বায়ুদূষণের কারণে নগরবাসীর দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, হৃদরোগ এবং ফুসফুসের জটিলতা বাড়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।