বিশেষ প্রতিবেদক
আগামীকাল শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়ন-অভিযাত্রার অংশ হিসেবে সরকার শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনাকে সমন্বিত করে বহুমাত্রিক উদ্যোগ বাস্তবায়ন করছে। এবারের জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ বাংলাদেশের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
প্রধানমন্ত্রী বলেন, জনমিতিক সম্ভাবনাকে টেকসই উন্নয়নের শক্তিতে রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন, সার্বজনীন স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, পরিবার পরিকল্পনা কার্যক্রমের শক্তিশালীকরণ এবং নারী ও যুবসমাজের ক্ষমতায়নের মাধ্যমে সরকার একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশের ভবিষ্যৎ একটি শিক্ষিত, দক্ষ, প্রযুক্তিবান্ধব ও উদ্ভাবনী প্রজন্মের ওপর নির্ভরশীল। তাই তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার বিকাশে রাষ্ট্রকে মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান এবং উন্নত স্বাস্থ্যসেবার পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, আজকের তরুণরাই তথ্যপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতির প্রধান শক্তি। প্রতিটি তরুণ-তরুণী যুগোপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে দেশীয় ও বৈশ্বিক শ্রমবাজারে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখবে এবং জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে। সুস্থ জনগোষ্ঠী উন্নত জাতি গঠনের পূর্বশর্ত হওয়ায় সরকার সবার জন্য সহজলভ্য, মানসম্মত ও জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ অব্যাহত রেখেছে।
বাণীতে বাল্যবিবাহ, কিশোরী মাতৃত্ব এবং অপুষ্টির মতো সমস্যাগুলোকে মানবসম্পদ উন্নয়ন ও জাতীয় উৎপাদনশীলতার প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করা হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পুষ্টি উন্নয়ন এবং জীবনদক্ষতাভিত্তিক শিক্ষার জোরদারে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতিটি তরুণ-তরুণী সুস্থ ও দক্ষ হয়ে বেড়ে উঠলে তারাই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রধান চালিকাশক্তি হবে। তিনি দেশবাসীকে দিবসের চেতনা ধারণের আহ্বান জানিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬-এর সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।