আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের প্রেক্ষাপটে দেশটির আবহাওয়া দপ্তর সর্বোচ্চ সতর্কবার্তা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। চরম প্রতিকূল আবহাওয়া এবং সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে এই পদক্ষপ নেওয়া হয়েছে।
সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) ও দেশটির সিভিল ডিফেন্সের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মক্কা প্রদেশের নির্দিষ্ট কিছু এলাকায় তীব্র কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী বর্ষণ, বজ্রপাত এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য এই দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে জলমগ্ন এলাকা, পাহাড়ি উপত্যকা এবং বাঁধের আশপাশ থেকে দূরে থাকার কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ‘রেড অ্যালার্ট’ হলো সৌদি আবহাওয়া কেন্দ্রের সর্বোচ্চ সতর্কতামূলক স্তর। যখন আবহাওয়ার এমন পরিস্থিতি তৈরি হয়, যা সাধারণ মানুষের জীবনযাত্রার জন্য চরম ঝুঁকির কারণ হতে পারে এবং যার জন্য সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতার প্রয়োজন হয়, কেবল তখনই এই সতর্কতা সংকেত জারি করা হয়। গত কিছুদিন ধরেই মক্কা ও এর আশপাশের অঞ্চলে আবহাওয়া অস্থির রয়েছে এবং বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে।
এর আগে গত ২১ আগস্ট মক্কা প্রদেশের আল-আরদিয়াত, আল-কুনফুদাহ এবং তায়েফসহ বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও বজ্রপাতসহ ভারী বর্ষণের পূর্বভাস দিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছিল। বর্তমান বর্ষা মৌসুমে দেশটির বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এই আচমকা পরিবর্তন ও অতিরিক্ত বৃষ্টির ফলে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবামূলক সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যাপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি চলছে যাতে কোনো ধরনের প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।