1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রাণিসম্পদ খাতের চিকিৎসাসেবাকে আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে ব্যবহৃত কোনো ওষুধের মেয়াদ যেন কোনোভাবেই উত্তীর্ণ না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রাণি চিকিৎসায় সর্বদা মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রাণির চিকিৎসার জন্য মানুষের ভরসার অন্যতম প্রধান প্রতিষ্ঠান হচ্ছে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল। দেশে বর্তমান প্রেক্ষাপটে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি গৃহপালিত ও পোষা প্রাণির সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই বাস্তবতায় প্রাণিসম্পদ খাতের চিকিৎসাসেবাকে সময়ের চাহিদার সাথে সংগতি রেখে আরও সম্প্রসারণ ও আধুনিকায়ন করা অপরিহার্য হয়ে পড়েছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রাণির চিকিৎসাসেবাকে আরও যুগোপযোগী, কার্যকর এবং জনবান্ধব করার লক্ষ্যে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আধুনিক প্রযুক্তির সংযোজন ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে এই খাতের সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে আধুনিক চিকিৎসাসেবা ও মানসম্মত ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি। সরকারি ভেটেরিনারি হাসপাতালগুলোর সেবার মান বাড়াতে প্রশাসনিক ও কারিগরি সহযোগিতা আরও জোরদার করা হবে। চিকিৎসাসেবায় যেকোনো ধরনের অবহেলা বা মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবহার রোধে নিয়মিত তদারকি জোরদার করার তাগিদ দেন তিনি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. আব্দুল আজিজ আল মামুন এবং কেন্দ্রীয় প্রাণিসম্পদ ঔষধাগারের পরিচালক ড. রফিকুল ইসলাম তালুকদার।

এছাড়াও টক্সিকোলজি ও জুরিসপ্রুডেন্স অনুবিভাগের চীফ সায়েন্টিফিক অফিসার ড. মো. আবু সুফিয়ান এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাস-সহ সংশ্লিষ্ট দপ্তর ও অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের আধুনিকায়ন, ওষুধের মজুদ ব্যবস্থাপনা এবং সেবার মান উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026