নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি গতানুগতিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে না রেখে বিশ্বমানের করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শিক্ষকতার চেয়ে মহান পেশা আর হতে পারে না। এই পেশার মাধ্যমে অর্জিত জ্ঞান একদল তরুণের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব, যা পরবর্তীতে তারা বিশ্বময় ছড়িয়ে দিতে পারেন।
শনিবার (৪ জুলাই) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর ব্যক্তিগত জীবনের স্মৃতি চারণ করে বলেন, তাঁর কর্মজীবনের সূচনা হয়েছিল শিক্ষকতা পেশার মধ্য দিয়ে। জীবনে শিক্ষকতার দিনগুলোকেই তিনি সবচেয়ে বেশি উপভোগ করেছেন বলে উল্লেখ করেন।
উত্তরাঞ্চলের এই নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষা পরিবেশ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে বর্তমান সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার প্রকৃত মান নিশ্চিত করার মূল দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রশাসনের ওপরই বর্তায়।
তিনি আশা প্রকাশ করেন, এই দরিদ্র ও অনুন্নত জনপদটি যেন আগামীতে একটি সমৃদ্ধ ‘শিক্ষা নগরী’ হিসেবে দেশব্যাপী খ্যাতি অর্জন করতে পারে। সে লক্ষ্যে শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মেধার সর্বোচ্চ মূল্যায়নসহ প্রয়োজনীয় সব ধরনের স্বচ্ছতা ও পদক্ষেপ নিশ্চিত করা হবে।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফীল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা অত্যন্ত শ্রমসাধ্য, সময়সাপেক্ষ এবং একটি জটিল কর্মযজ্ঞ। এমন একটি বিশাল ও চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন করে চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
লোগো উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যার যার অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।