সারাদেশ ডেস্ক
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনীতিবিদদের ভুলত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও ততটাই সুসংহত হয়। শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গঠনে সাংবাদিকদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় ভুলত্রুটি হতেই পারে। সেই ভুলগুলো গঠনমূলকভাবে তুলে ধরা, প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের সামনে সত্য প্রকাশ করাই গণমাধ্যমের মূল দায়িত্ব। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা ঘটে থাকে উল্লেখ করে তিনি এটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেন এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার তাগিদ দেন।
অনুষ্ঠানে মন্ত্রী স্থানীয় উন্নয়ন ও প্রশাসনিক কাঠামোর সম্প্রসারণ প্রসঙ্গে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও নির্বাচনী প্রতিশ্রুতির অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে তিনি কেবল অবকাঠামোগত উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ না থেকে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন। নতুন উপজেলাগুলোর সুষ্ঠু পরিচালনায় দক্ষ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা প্রভাবিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ব্যক্তি নয়, বরং কাজের মূল্যায়ন করতে হবে। সমাজে যারা ভালো ও জনকল্যাণমূলক কাজ করবেন, তাদের সাফল্য যেমন গণমাধ্যমে তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা সুদৃঢ় করার জন্য তিনি স্থানীয় সংবাদকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির এই পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সভায় জেলার সার্বিক উন্নয়ন এবং গণমাধ্যমের সমসাময়িক নানা সংকট নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এবং পুলিশ সুপার বেলাল হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি লুৎফর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিক ও ব্যক্তিবর্গ।