শীর্ষ সংবাদ ডেস্ক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল উপজেলাকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘নজরুলবর্ষ’ এর উদ্বোধন ঘোষণাকালে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় কবির সাহিত্য ও দর্শনকে দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তাঁর সমগ্র হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ। এ দেশের আপামর জনসাধারণও তাঁকে পরম শ্রদ্ধায় হৃদয়ে ধারণ করেছে। মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রে তিনি বাঙালির প্রধান দিশারি এবং দেশের সব ঐতিহাসিক আন্দোলন-সংগ্রামে তাঁর সাহিত্যকর্ম ও সৃষ্টি সবসময় প্রধান প্রতিপাদ্য এবং অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে নজরুলের প্রাসঙ্গিকতা তুলে ধরার ওপর তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বছরব্যাপী নানা অর্থবহ আয়োজনের মাধ্যমে সারা দেশের জেলা, উপজেলা এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ‘নজরুলবর্ষ’ সফলভাবে উদযাপনের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেন। তিনি উল্লেখ করেন, কবির সৃষ্টিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি মেধাভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠন সম্ভব।
সামাজিক ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রসঙ্গে প্রধানমন্ত্রী সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, একটি অপশক্তি দেশে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালালেও আবহমানকাল ধরে ঐক্যবদ্ধ থাকাই চিরায়ত বাঙালির মূল চরিত্র। বর্তমান সরকার কেবল মানুষের জানমালের নিরাপত্তাই নয়, বরং কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকারের এই লক্ষ্য বাস্তবায়নে এবং একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে তিনি দেশের সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।