1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খুলনায় মসজিদে মুসল্লিদের ওপর গুলিবর্ষণের ঘটনায় মামলা হয়নি, চিকিৎসাধীন ১ জনের অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলি বিমান হামলায় লেবাননে আরও ২৭ জনের মৃত্যু, মোট নিহতের সংখ্যা পৌনে চার হাজার পার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শামার জোসেফের রেকর্ড গড়া বোলিং, স্পর্শ করলেন রাশিদ খানকে ১১ প্রতিষ্ঠানে ব্যক্তি পর্যায়ের অনুদানে আয়কর রেয়াত সুবিধা ঘোষণা ২৭ জুলাই ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট পেঁয়াজ ও পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ, জুলাইয়ের শেষে মিলবে বিনামূল্যে স্কুল ড্রেস রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা রেকর্ড স্বাস্থ্য বাজেটের সুফল পেতে তামাকমুক্ত দেশ গড়ার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর বিশ্বকাপ ফুটবলে ক্রিকেটের ‘স্নিকো’ প্রযুক্তির ব্যবহার

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ, জুলাইয়ের শেষে মিলবে বিনামূল্যে স্কুল ড্রেস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সাথে আগামী জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং ডিসেম্বরের মধ্যে সারা দেশের সব বিদ্যালয়ে সংশোধিত ও পরিমার্জিত নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান। দেশের শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকারের নেওয়া নানা পরিকল্পনার কথা তিনি এই অনুষ্ঠানে তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী জানান, সরকার দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে কাজ শুরু করেছে। এ কারণে জাতীয় বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষাব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৮ সালের মধ্যে এমন একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হবে যাতে শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষা দেওয়ার পর ফলাফলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করে দ্রুত পরবর্তী ধাপে প্রবেশ করতে পারে। এর ফলে কলেজ শেষ করার পরপরই কোনো সেশনজট ছাড়াই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু করার সুযোগ পাবে।

দেশের কারিগরি শিক্ষার প্রসার ও কর্মসংস্থানমুখী শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সারা দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নির্মাণাধীন ৩২৯টি নতুন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রীর বিশেষ এজেন্ডা বাস্তবায়নে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিক্ষা মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি ট্রেনিং সেন্টারসহ সার্বিক কারিগরি শিক্ষার বিস্তার অপরিহার্য। ফলে নতুন প্রজন্মের জন্য যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষাই হবে প্রধান হাতিয়ার।

পরীক্ষার ফলাফল প্রকাশের সময়সীমা উল্লেখ করে ড. আ ন ম এহছানুল হক মিলন আরও জানান, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশের লক্ষ্যমাত্রার পাশাপাশি চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলও পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে। এতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির প্রক্রিয়া আরও সহজতর ও সময়সাশ্রয়ী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষার্থীদের ওপর থেকে পড়াশোনার অতিরিক্ত মানসিক চাপ ও কোচিংনির্ভরতা কমিয়ে আনার বিষয়ে শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, দেশের শিক্ষাক্রমকে এমনভাবে নতুন সিলেবাস ও কারিকুলামে সাজানো হচ্ছে যাতে শিক্ষার্থীদের অযথা কোচিং সেন্টারে যেতে না হয়। শিক্ষার্থীদের কেবল শ্রেণিকক্ষের চার দেয়ালের ভেতরের পাঠদানে সীমাবদ্ধ না রেখে পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026