বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন মূলত তরুণ প্রজন্মের নেতৃত্বের ওপরই নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সামনে এগিয়ে আসার আহ্বান জানান।
শনিবার (১৩ জুন) রাজধানীর জিয়া উদ্যানে যুবদলের নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। এই নতুন কমিটির দক্ষ ও গতিশীল নেতৃত্বে যুবদল সারা দেশে আরও শক্তিশালী, সুসংগঠিত এবং সুশৃঙ্খল সংগঠন হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে নতুন নেতৃত্ব দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুবদল দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা সমুন্নত রাখতে অতীতের ন্যায় ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা পালন করবে।
শ্রদ্ধা নিবেদন শেষে দেশের সার্বিক কল্যাণ এবং শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।