নিজস্ব প্রতিবেদক
মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার এবং এই অধিকার রক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) আরও দায়িত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ রাজধানীতে বিএসটিআই মিলনায়তনে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি দেশের মানুষের আস্থা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে বিএসটিআই-এর সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
বিশ্ব মেট্রোলজি দিবসের এবারের প্রতিপাদ্য ‘নীতি নির্ধারণী প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’-কে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে তথ্যনির্ভর ও প্রমাণকভিত্তিক নীতি প্রণয়নের ক্ষেত্রে সঠিক পরিমাপের নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভোক্তা সাধারণ যেন কোনোভাবেই প্রতারিত না হন, তা নিশ্চিত করা বিএসটিআই-এর অন্যতম প্রধান দায়িত্ব।
আলোচনা সভায় শিল্পমন্ত্রী উল্লেখ করেন, ভোগ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে সাধারণ মানুষকে বিএসটিআই’র ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। বিএসটিআই অনুমোদিত পণ্য শুধু দেশের অভ্যন্তরীণ বাজারেই বিক্রি হয় না, বরং আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বহন করে। ল্যাবরেটরিতে পরীক্ষিত পণ্যসমূহ বৈশ্বিক পরিমণ্ডলে যাতে অনায়াসে গ্রহণযোগ্য হতে পারে, সে লক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সক্ষমতা আরও বৃদ্ধি করা প্রয়োজন।
দেশব্যাপী নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং নকল ও ভেজাল ভোগ্যপণ্য উৎপাদন, সরবরাহ ও বিপণন রোধে বিএসটিআইসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, মাঠপর্যায়ে নিয়মিত তদারকি বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে বর্তমান সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। অসাধু চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনাও দেন তিনি।
প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সংস্কার প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিএসটিআই’র বিদ্যমান জনবল সংকট দূর করার পাশাপাশি আধুনিক প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর, আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। এর ফলে সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দ্রুততম সময়ে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএসটিআই’র মহাপরিচালক কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন এফবিসিসিআই’র প্রশাসক মো. আবদুর রহিম খান এবং বিএসটিআই’র পরিচালক (মেট্রোলজি) মাজাহারুল হক। বক্তারা দেশের শিল্প খাতের বিকাশ এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় সঠিক পরিমাপ ও মান নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন।