বাংলাদেশ ডেস্ক
পবিত্র হজ পালন শেষে নির্বিঘ্নে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। গতকাল শনিবার রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজি নিরাপদে বাংলাদেশে পৌঁছেছেন। একই সময়ে সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতা ও পরবর্তী সময়ে বিভিন্ন কারণে মোট ৩৭ জন বাংলাদেশি হাজির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্ক থেকে প্রকাশিত সর্বশেষ দৈনিক বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে প্রত্যাবর্তনকারী মোট ৬ হাজার ১৭৫ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন রয়েছেন। ফিরতি হাজিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স যৌথভাবে ফ্লাইট পরিচালনা করছে। এখন পর্যন্ত পরিচালিত ১৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তিনটি ফ্লাইটে ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্স চারটি ফ্লাইটে ১ হাজার6৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স আটটি ফ্লাইটে ৩ হাজার ৩০০ জন হাজি পরিবহন করেছে।
চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় এ পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ২৭ জন এবং মদিনায় ১০ জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এছাড়া, হজের তীব্র গরম ও শারীরিক অসুস্থতাজনিত কারণে সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ১৭৬ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ২৬ জন হাজি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে হাজিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে শনিবার বিকেল সাড়ে ৪টায় মক্কায় বাংলাদেশ মিশনের কনফারেন্স কক্ষে একটি উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হাজিদের আবাসন, চিকিৎসাসেবা এবং সুশৃঙ্খলভাবে দেশে ফেরার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় প্রশাসনিক দল, চিকিৎসক দল এবং আইটি দলের প্রতিনিধিরা উপস্থিত থেকে হাজিদের সেবা নিশ্চিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল। সেই লক্ষ্যে সৌদি আরবগামী প্রথম ফ্লাইট গত ১৮ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ২১ মে। এক মাসেরও বেশি সময়ব্যাপী হজ প্রক্রিয়া শেষে গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে।