প্রবাস ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩০ মে) কুয়ালালামপুরের একটি হোটেলের সম্মেলন কক্ষে মালয়েশিয়া শাখা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে দলটির স্থানীয় শীর্ষ নেতাসহ বিপুল সংখ্যক প্রবাসী কর্মী-সমর্থক অংশ নেন।
মালয়েশিয়া শাখা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন দলের সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন ও দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন।
আলোচনা সভায় বক্তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, আদর্শ এবং বাংলাদেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান বাচ্চু বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে প্রবাসে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে হবে। একই সাথে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। প্রধান বক্তা মোহাম্মদ মোশাররফ হোসেন প্রবাসে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে প্রবাসীদের সক্রিয় সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ জাহিদ ও ফজলুল করিম সোহরাব, যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, পিএইচডি স্কলার অধ্যাপক সাফিউর রহমান, জাসাসের আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, যুবদল নেতা মাসুদুল আলম কাজল এবং ছাত্রদল নেতা আদিব আনজুম।
এছাড়া সাংগঠনিক আলোচনায় অংশ নেন বিএনপি বুকিট বিন্তাং শাখার সভাপতি আনোয়ার হোসেন সেলিম, পুডু শাখার সভাপতি মো. মানিক, কোটারায়া শাখার সভাপতি মাসুদ রানা, মালয়েশিয়া বিএনপির ক্রীড়া সম্পাদক মো. আরিফ হোসেন, চৌকিট বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, বুকিট বিন্তাং বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, যুবদলের সহ-সভাপতি শেখ সেলিম ও মো. নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান, জাসাস নেতা ইমতিয়াজ এবং যুব নেতা বাবু সরকার ও মাঝি মিরাজসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তব্য পর্ব শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসফাক হোসেন। এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। বক্তারা দলীয় কোন্দল নিরসন করে প্রবাসে বিএনপির হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন, যা আগামী দিনে দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।