নিজস্ব প্রতিবেদক
জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনে মানবিক ও জনমুখী রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। দীর্ঘ সময় পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের এই মেয়াদে সংকটের অবসান ঘটিয়ে জনগণের ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক কাঠামো মজবুত করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আজ বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। মুখপাত্র জানান, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিটি মন্ত্রণালয়ে বিষয়ভিত্তিক ও খাতনির্ভর ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১০০ দিনে মন্ত্রিসভার ১০টি বৈঠকে গৃহীত ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে ইতিমধ্যে ৩৭টি বাস্তবায়িত হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।
অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা খাতে গৃহীত পদক্ষেপের বিবরণ দিয়ে মুখপাত্র বলেন, প্রথম মাসেই ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় প্রধানদের জন্য সম্মানি প্রদানের কার্যক্রম শুরু এবং প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে। প্রথম ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে এবং ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষি ব্যবস্থাপনাকে ডিজিটাল কাঠামোর আওতায় আনা হয়েছে। দেশজুড়ে খাল খনন কর্মসূচির পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দীর্ঘমেয়াদি পানি ও পরিবেশ ব্যবস্থাপনার জন্য পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
যোগাযোগ ও অবকাঠামো খাতের অগ্রগতি সম্পর্কে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ এগিয়ে চলছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতিও শুরু হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন ও নৌ-সার্ভিস চালু, ট্রেনে নারীদের জন্য আলাদা কম্পার্টমেন্ট এবং বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। এছাড়া হজযাত্রীদের বিমানভাড়া কমানো সম্ভব হয়েছে। তরুণদের জন্য বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ, বিমানবন্দর ও ট্রেনে হাই-স্পিড ফ্রি ওয়াই-ফাই চালু এবং স্পোর্টস ও নতুন কুঁড়ি কার্যক্রম শুরু করা হয়েছে।
আইন-শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার ক্ষেত্রে দ্রুত বিচার নিশ্চিতের ওপর জোর দিয়ে মাহদী আমিন মেহেরপুরে শিশু ধর্ষণের মামলায় ২৯ কার্যদিবসের মধ্যে আসামির মৃত্যুদণ্ডের রায় প্রদানের নজির উল্লেখ করেন। এছাড়া শিশু রামিসার ঘটনায় দ্রুত চার্জশিট দাখিল এবং সর্বোচ্চ বিচার নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন। স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিতের উদ্যোগের পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি এবং হামের টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার কথা জানান।
সামষ্টিক অর্থনীতি ও প্রবাসী কল্যাণ খাতে বড় ধরনের সংস্কারের কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত মাসে দেশে রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগের পাশাপাশি বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া একটি বিতর্কিত ব্যবসায়ী গ্রুপের ৪ হাজার ২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। আইটি খাতে প্রায় ২ লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র প্রদান এবং বন্ধ কলকারখানা পুনরায় চালুর লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে। সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে এবং বাংলাদেশি পাসপোর্টে পুনরায় ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি অপপ্রচার রোধে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে মুখপাত্র উল্লেখ করেন।