1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২০ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনে ২৩ মে ত্রিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের আকাশে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তেহরানের, ওয়াশিংটনে সামরিক বিকল্প নিয়ে বৈঠক জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির আর্থসামাজিক উন্নয়নে আনসার-ভিডিপিকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কর্মকাণ্ড এবং সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কের সমালোচনা ছাত্রদের ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে: ছাত্রদল সভাপতি লোহালিয়া নদীতে সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২২ সশস্ত্র ব্যক্তি নিহত বিশ্বকাপের ব্রাজিল স্কোয়াডে নেইমার, চোট কাটিয়ে ফেরার মুহূর্তে আবেগাপ্লুত তারকা চুক্তি না হলে ২-৩ দিনের মধ্যে ইরানের ওপর মার্কিন হামলার আলটিমেটাম

জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা এবং যানজট নিরসনে এই বাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা প্রদানে নিয়োজিত যে কোনো সংস্থার কার্যকারিতা মূলত তার পেশাদারিত্ব ও শৃঙ্খলাবোধের ওপর নির্ভরশীল বলে তিনি উল্লেখ করেন।

আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের অর্থনৈতিক সক্ষতা বৃদ্ধিতে এই বাহিনীর অবদান তুলে ধরে রাষ্ট্রপতি জানান, নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি যুব ও নারীদের বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। এটি জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

বাণীতে ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে শহীদ এই বাহিনীর ৬৭০ জন বীর সদস্যসহ বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী সকল সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুদূরপ্রসারী চিন্তা ও পরিকল্পনার ধারাবাহিকতায় আনসার বাহিনীর পুনর্গঠন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে ‘আনসার-ভিডিপি আইন, ১৯৯৫’ প্রণয়নের মাধ্যমে ব্যাটালিয়ন আনসার গঠিত হয়। এর ফলে গ্রাম প্রতিরক্ষা দল একটি শক্তিশালী আইনি ও সাংগঠনিক ভিত্তি লাভ করে, যা আজ গ্রাম-বাংলার নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।

সম্প্রতি অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তন করেছে। নির্বাচনকালীন সময়ে অন্যান্য বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এই চমৎকার সমন্বয় ও দায়িত্বশীলতার জন্য তিনি বাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ জানান।

একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক ‘নতুন বাংলাদেশ’ গড়ার পথচলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশ্বস্ত সহযাত্রী হিসেবে ভূমিকা রাখবে বলে রাষ্ট্রপতি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বাহিনীর সব স্তরের কর্মকর্তা ও কর্মচারী জননিরাপত্তার অতন্দ্র প্রহরী হিসেবে তাঁদের গৌরবোজ্জ্বল ভূমিকা অব্যাহত রাখবেন বলে তিনি বিশ্বাস করেন।

সবশেষে, রাষ্ট্রপতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা এবং বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026