নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) রাজবাড়ী সার্কেলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিসহ মোট ৬২ জনের মাঝে ২ কোটি ৫৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের অধিকাংশ সড়ক দুর্ঘটনার মূল কারণ চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা এবং ত্রুটিযুক্ত যানবাহন। সম্প্রতি ফেরিঘাটে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি জানান, তদন্তে দেখা গেছে দুর্ঘটনার শিকার বাসটির ব্রেক কাজ করছিল না। গাড়িটি দাঁড়ানো অবস্থায় কোনো কারণ ছাড়াই চলতে শুরু করে এবং চালক তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। সার্বিকভাবে চালকের গাফিলতি ও যান্ত্রিক ত্রুটির বিষয়টি তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়েছে। এছাড়া একটি সড়কে বিভিন্ন গতির একাধিক যানবাহন চলাচল এবং জনগণের অসচেতনতাকেও তিনি দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন।
ঘাট ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, প্রতি বছর নদীভাঙনের কারণে ঘাট স্থানান্তর করতে হয়, যার ফলে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা সম্ভব হয় না। এই সক্ষমতার সীমাবদ্ধতার কারণে এখনও জনগণকে পুরোপুরি নিরাপদ সড়ক, নৌ ও রেলযাত্রা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে সরকার নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ইতোমধ্যে ২ হাজার ৮০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় দেশের প্রায় ৬০ হাজার চালককে পেশাদার প্রশিক্ষণ প্রদান করা হবে। সড়কে মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সব ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি। দুর্ঘটনা লাঘব করতে হলে চালকদের উপযুক্ত প্রশিক্ষণের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সমন্বিত সচেতনতা বৃদ্ধি করতে হবে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিশেষ অতিথির বক্তব্যে দৌলতদিয়া ঘাটের অবহেলিত ব্যবস্থাপনার আধুনিকায়নের দাবি জানান। তিনি উল্লেখ করেন, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা। এই সেতু নির্মিত হলে অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। একই সাথে একনেকে অনুমোদিত পদ্মা ব্যারেজ প্রকল্পের দ্রুত বাস্তবায়নের ওপরও তিনি জোর দেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম এবং জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে এবং সহকারী কমিশনার এস এম রায়হানুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।