1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রিহ্যাব নির্বাচনে ড. আলী আফজাল সভাপতি ও আব্দুর রাজ্জাক সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত এক মাসে দ্বিতীয় দফায় বাড়ল এলপিজির দাম, ১২ কেজিতে বাড়ল ২১২ টাকা দেশে হামের প্রকোপ বৃদ্ধি: গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক নদী খনন ও পানিসম্পদ ব্যবস্থাপনা পর্যালোচনা: ২৭ এপ্রিল যশোর ও ২ মে সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লিবিয়ার স্বাস্থ্য খাতে দক্ষ জনবল নিয়োগে বাংলাদেশের সহযোগিতা কামনা আইএমএফের সব শর্ত মানতে বাধ্য নয় সরকার: অর্থমন্ত্রী আমদানি ব্যয়ে ভারসাম্য রক্ষায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি অপরিহার্য ছিল: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অতীতের রাজনৈতিক পরিচয় মুখ্য নয়, আদর্শিক ঐক্যই মূল ভিত্তি: নাহিদ ইসলাম ইউটিউবে একদিনেই ৪০ লাখ ভিউ: সামাজিক বাস্তবতার গল্পে আলোচনায় নাটক ‘জখম’

পৈতৃক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: উৎসবের আমেজে বগুড়া

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

দীর্ঘ দুই দশক পর আগামীকাল সোমবার নিজ জেলা বগুড়ায় পৈতৃক ভিটা পরিদর্শন ও রাষ্ট্রীয় সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম জেলা সফর। সফরকে কেন্দ্র করে গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামসহ জেলাজুড়ে সাজ সাজ রব ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী এদিন বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং জনসভায় ভাষণ দেবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ৬টায় ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। বেলা ১১টায় তিনি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতি ভবন এবং ডিজিটাল জামিন ব্যবস্থা ‘ই-বেলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক ফলক উন্মোচন করবেন।

দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়ীতে পৌঁছে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক নিবাস ‘জিয়াবাড়ি’ পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর আগমনের প্রাক্কালে উক্ত বাড়িটি সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে।

বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে তিনি বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যায় ঢাকার উদ্দেশে ফেরার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের সংস্কার ও সৌন্দর্যবর্ধন করেছে এবং পৌর কর্তৃপক্ষ শহরজুড়ে আলোকসজ্জা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। বিদ্যুৎ বিভাগ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন জানান, প্রায় ২০ বছর পর তারেক রহমানের এই সফর বগুড়াবাসীর জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, এই সফরের মাধ্যমে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026