বাংলাদেশ ডেস্ক
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) বৈষম্যবিরোধী নিয়ম লঙ্ঘনের কারণে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছে। ফিফার শৃঙ্খলা কমিটি বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রতিবেদনে জানায়, আইএফএ দীর্ঘদিন ধরে বর্ণবাদী আচরণের অভিযোগে অভিযুক্ত ক্লাব বেইতার জেরুজালেমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বেইতার জেরুজালেমের সমর্থকদের ধারাবাহিক এবং সুপ্রমাণিত বর্ণবাদী আচরণ ফুটবলের নৈতিকতা ও শৃঙ্খলার পরিপন্থী। বিশেষ করে ক্লাবটির ‘Forever Pure’ স্লোগান এবং আরব খেলোয়াড়দের উদ্দেশে ‘সন্ত্রাসী’ হিসেবে স্লোগান প্রদর্শন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিনের সাংগঠনিক সমস্যার অংশ। ফিফা মতে, আইএফএ এসব ঘটনায় যথেষ্ট ও কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, যা সংস্থাটির নিজস্ব নীতিমালার সঙ্গেও অসামঞ্জস্যপূর্ণ।
ফিফার শৃঙ্খলা কমিটি জানায়, ২০২৪ সালের অক্টোবরে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন আইএফএর বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ জানালে ফিফা তদন্ত শুরু করে। যদিও ফিলিস্তিন পক্ষ আইএফএর ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি করেছিল, ফিফা সরাসরি সেই পথে যায়নি। তবে জরিমানা আরোপের পাশাপাশি আইএফএকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। সংস্থাটি পরবর্তী তিনটি ফিফা প্রতিযোগিতার হোম ম্যাচে “Football Unites the World – No to Discrimination” বার্তাসংবলিত বড় ব্যানার প্রদর্শনের নির্দেশ পাবে।
ফিফা আরও জানিয়েছে, জরিমানার এক-তৃতীয়াংশ অর্থ বৈষম্য প্রতিরোধে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় করতে হবে। এটি মূলত ক্লাব ও সংস্থার মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বর্ণবৈষম্য রোধে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ।
অন্যদিকে, পশ্চিম তীর অঞ্চলে অবস্থিত ইসরায়েলি ক্লাবগুলোর লিগে অংশগ্রহণ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে ফিফা আলাদা তদন্ত চালিয়েছে, তবে সেখানে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফিফা বলেছে, এই সিদ্ধান্ত ক্লাব ও অঞ্চলভিত্তিক পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
বিশ্লেষকরা মনে করছেন, ফিফার এই পদক্ষেপ আন্তর্জাতিক ফুটবলের নৈতিক মানদণ্ড বজায় রাখার পাশাপাশি ক্লাব ও ফুটবল সংস্থাগুলোর মধ্যে বৈষম্যবিরোধী আচরণ প্রতিরোধে সতর্কতা সৃষ্টি করবে। একই সঙ্গে এটি ফিলিস্তিন ও ইসরায়েলের ফুটবল পরিবেশে নৈতিক ও শৃঙ্খলাবদ্ধ খেলার গুরুত্বকেও তুলে ধরেছে।