সারাদেশ ডেস্ক
ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অনৈতিক সুবিধা নিতে না পারে তা নিশ্চিত করার জন্য দুই উপজেলার সরকারি দপ্তরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এই উদ্দেশ্যে শুক্রবার (১৩ মার্চ) সরকারি প্যাডে আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করা হয়েছে।
নির্দেশনায় নগরকান্দা ও সালথা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশ্যে বলা হয়েছে, বিভিন্ন সরকারি অফিসে মন্ত্রীর নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে—এ ধরনের অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি মন্ত্রীর নাম ব্যবহার করে সুপারিশ, তদবির বা বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তবে তা গুরুত্বসহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
স্থানীয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা এবং সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও সতর্কবার্তার অনুলিপি পাঠানো হয়েছে। অনুলিপি প্রাপ্তদের মধ্যে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, অফিসার ইনচার্জ (ওসি), প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এলজিইডি প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী, নির্বাচন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক, আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, পোস্টমাস্টার, সাব-রেজিস্টার এবং পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ অন্যান্য সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
শামা ওবায়েদ ইসলাম জানান, “আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাধারণ মানুষকে হয়রানি বা বিভ্রান্তি থেকে রক্ষা করতে এ সতর্কতা জারি করা হয়েছে।” তিনি আরও বলেন, “জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। কেউ যদি আমার নাম ভাঙিয়ে কোনো ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে।”
স্থানীয় প্রশাসন জানায়, এই নির্দেশনার মাধ্যমে সরকারি দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সতর্কতা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। তারা মনে করছেন, মন্ত্রীর নাম ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা প্রতিরোধের মাধ্যমে নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক জবাবদিহিতা শক্তিশালী হবে।
বিশেষজ্ঞরা বলেন, সরকারি কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সতর্কতা ও নির্দেশনার প্রয়োগ প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক। এ ধরনের পদক্ষেপ সাধারণ জনগণের আস্থা বাড়ায় এবং সরকারি সেবার ওপর বিশ্বাস সুদৃঢ় করে।