বাংলাদেশ ডেস্ক
জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বিজয়ী হয়ে শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় ফিরেই সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় তিনি দলীয় গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বাতিল করে সরাসরি মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, যেখানে তিনি হাসপাতালের কার্যক্রম এবং রোগীদের সেবা প্রাপ্তির বাস্তব চিত্র সরেজমিনে যাচাই করেন।
পরিদর্শনকালে ড. জালাল উদ্দিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের শয্যার পাশে দাঁড়িয়ে ও হাত ধরে তাদের অভিজ্ঞতা, অভিযোগ ও প্রত্যাশা শুনেন। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বেশিরভাগ ডাক্তার অনুপস্থিত থাকায় সংসদ সদস্য এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। উপস্থিত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাজীব কিশোর বনিককে চিকিৎসা কর্মকর্তাদের অনুপস্থিতির কারণ জানতে চাওয়ায় সদুত্তর না পেয়ে তিনি হতাশ হন। পরে সকাল ১১ টা ১৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রায়হান কর্মস্থলে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন।
ড. জালাল উদ্দিন হাসপাতালের পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে বলেন, হাসপাতাল থেকে কোনো রোগী সেবা বঞ্চিত হয়ে বাড়ি ফিরবে না। তিনি বলেন, বর্তমানে হাসপাতালের যে পরিস্থিতি লক্ষ্য করা গেছে, এতে রোগী সুস্থ হওয়ার পরিবর্তে আরো অসুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। তিনি হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর শতভাগ উপস্থিতি নিশ্চিত করা, অফিস সময় মেনে চলা এবং দালালমুক্ত সেবা প্রদান করার গুরুত্বেও জোর দেন। এছাড়া হাসপাতালের যেকোন ধরনের সমস্যার বিষয়ে তাকে অবহিত করার নির্দেশ দেন এবং দ্রুত সমাধান করার আশ্বাস দেন।
হঠাৎ এই পরিদর্শনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ। তারা নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্স তদারকি করার অনুরোধ জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোজাহিদুল ইসলাম কিরণ।
পরিদর্শন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালের সাধারণ ওয়ার্ড, জরুরি বিভাগ এবং অন্যান্য সেবা কেন্দ্রগুলিতে রোগীদের সেবা প্রাপ্তি ও চিকিৎসা কার্যক্রমে কয়েকটি ঘাটতি লক্ষ্য করা গেছে। ড. জালাল উদ্দিন জানিয়েছেন, এই সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য উপজেলা স্বাস্থ্য প্রশাসনকে তদারকি এবং রিপোর্টিং ব্যবস্থা শক্ত করতে হবে।
হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্য চিকিৎসা সেবার মান উন্নয়নে নিজের দায়িত্বশীলতা প্রকাশ করেছেন। বিশেষ করে নির্বাচনী এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে তিনি প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।