ভারতের মাটিতে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শুধু প্রথমবারের সফরই নয়, ফিফা র্যাঙ্কিং চালুর পর ভারতের বিপক্ষে মাঠে নামা সবচেয়ে উচ্চপ্রোফাইল দলও হতে যাচ্ছে ব্রাজিল। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে দলটির অবস্থান পঞ্চম।
আগামী ৩ অক্টোবর ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি সামনে রেখে রিয়াল মাদ্রিদে খেলা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র ও এনদ্রিক এবং বার্সেলোনাতে খেলা রাফিনিয়াসহ ২৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
ভারতের বিপক্ষে ম্যাচটিকে নিছক প্রস্তুতি হিসেবে দেখছেন না ব্রাজিল কোচ। টাইমস অব ইন্ডিয়া'কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, "বিশ্বের আনাচে-কানাচে ব্রাজিলের সমর্থক ছড়িয়ে ছিটিয়ে আছে। জাতীয় দলের এই গৌরবময় ইতিহাস আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।"
ভারতে খেলতে যাওয়াকে আনন্দের বিষয় উল্লেখ করে আনচেলত্তি বলেন, "এই সফর শুধু ভারতে থাকা ব্রাজিল সমর্থকদের জন্য নয়, দেশটির ফুটবলপ্রেমীদের জন্যও বিশেষ অভিজ্ঞতা হতে যাচ্ছে।"
প্রস্তুতিমূলক ম্যাচ হলেও মাঠে কোনো ধরনের শিথিলতা দেখাতে চান না আনচেলত্তি। তিনি আরও যোগ করেন, ‘এটি একটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ হলেও আমাদের কাছে প্রীতি ম্যাচ বলতে কিছু নেই। জাতীয় দলের জার্সি গায়ে নামলে সবসময় নিজের সেরাটা উজাড় করে দিতে হয়। আমরা এখন ফুটবলারদের একটি নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।’
আনচেলত্তির মতে, বিভিন্ন দেশে গিয়ে খেলা এবং ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া ফুটবলারদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভিন্ন ধরনের খেলার ধরন ও কৌশলের দলের বিপক্ষে ম্যাচ খেলাও দলের প্রস্তুতির অংশ বলে মনে করেন তিনি।
ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে নিজের আগ্রহের কথাও জানিয়েছেন আনচেলত্তি। ব্রাজিল কোচ জানান, এর আগে তার ভারতে আসা হয়নি। ভারতীয় দলের খেলার ধরন সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি দেশটির ফুটবল সম্পর্কে কাছ থেকে জানার সুযোগও এই সফরে হবে বলে মনে করেন তিনি।
ভারতের ফুটবলের উন্নতি নিয়েও নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন আনচেলত্তি। ভারতের খেলাধুলা নিয়ে তিনি বলেন, ‘ভারতে ফুটবলের সেই অর্থে কোনো ঐতিহ্য গড়ে ওঠেনি, তবে অন্যান্য খেলাধুলায় কিন্তু তারা বেশ ভালো। আগামী প্রজন্মের মানসম্মত ফুটবলার তৈরি করতে হলে ভারতকে মূলত এই জায়গাটা নিয়েই কাজ করতে হবে।’
ভারতের অন্যান্য খেলাধুলার প্রশংসা করে আনচেলত্তি মনে করেন, ফুটবলে দীর্ঘমেয়াদি উন্নতির জন্য দেশটিতে একটি শক্তিশালী ফুটবল সংস্কৃতি ও ঐতিহ্য গড়ে তোলা গুরুত্বপূর্ণ।
এদিকে ব্রাজিলের দল পুনর্গঠনের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। তার পরিকল্পনায় মার্কিনিওস, গাব্রিয়েল মাগালিয়াইস, ব্রুনো গিমারায়েস, রাফিনিয়া ও ভিনিসিয়াস জুনিয়রের মতো অভিজ্ঞ তারকারা দলের মূল ভিত্তি হিসেবে থাকছেন। তাদের সঙ্গে তরুণ প্রতিভাদের সুযোগ দিয়ে ধীরে ধীরে নতুন একটি শক্তিশালী ব্রাজিল দল তৈরি করতে চায় সেলেসাওরা।