এশিয়ান গেমসে অভিষেকটা দুঃস্বপ্নের হলো বাংলাদেশ নারী হকি দলের। শক্তিশালী চীনের বিপক্ষে শুরু থেকেই চাপে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত হজম করেছে ১৩ গোল। বিপরীতে একটিও গোল করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে চীন। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে গোলের খাতা খোলেন ঝোং জিয়াছি। এরপর একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখে চীনা দল।
প্রথম কোয়ার্টারেই একাধিক গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ১৩ ও ২৯ মিনিটে আরও দুবার গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ঝোং জিয়াছি। চেন ইয়াংও প্রথমার্ধে দুই গোল করে ব্যবধান বাড়ান। ফলে বিরতির আগেই ম্যাচ অনেকটা একতরফা হয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও চীনের আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা। জোউ মেইরং, চেন ই, লি হং, ঝাং ইিং, মা নিং ও ইয়াং লিউ—বাংলাদেশের জালে বল পাঠান। শেষ পর্যন্ত ১৩ গোলের বড় ব্যবধানে ম্যাচ শেষ করে চীন।
চীনের হয়ে ঝোং জিয়াছি তিনটি গোল করেন। চেন ইয়াং, জোউ মেইরং ও চেন ই দুটি করে গোল পেয়েছেন। এ ছাড়া লি হং, ঝাং ইিং, মা নিং ও ইয়াং লিউ একটি করে গোল করেন।
পুরো ম্যাচে গোলের জন্য অপেক্ষাতেই থাকতে হয়েছে বাংলাদেশকে। চীনের রক্ষণে তেমন কোনো বড় হুমকি তৈরি করতে পারেনি তারা। উল্টো ম্যাচের শেষ দিকে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের কণা আক্তার।
ছেলেদের পর নারী দলও এশিয়ান গেমসের হকিতে বড় হার দিয়ে যাত্রা শুরু করল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ পুরুষ দল।
এদিকে, ‘পুল এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী হকি দল।