জাতীয় ডেস্ক
জাতিসংঘের আয়োজনে তুরস্কে অনুষ্ঠিতব্য বৈশ্বিক জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এ যোগ দিতে আগামী নভেম্বরে দেশটি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বিশেষ অধিবেশনের পার্শ্ববৈঠকে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে এই তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বিশেষ অধিবেশনের ফাঁকে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। ওই বৈঠকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুরস্কের পক্ষকে অবহিত করা হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা খাতে অংশীদারত্ব জোরদার করার ওপর উভয় পক্ষ বিশেষ গুরুত্বারোপ করে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় ও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশের প্রতিনিধিদল ঐকমত্যে পৌঁছেছে।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের তত্তাবধানে বহুল কাঙ্ক্ষিত ‘কপ৩১’ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈশ্বিক উষ্ণতা রোধ, কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সংকট মোকাবিলা ও টেকসই অভিযোজনের বিষয়ে এই সম্মেলনে বৈশ্বিক নীতিনির্ধারক ও রাষ্ট্রপ্রধানরা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এই সম্মেলনে উচ্চপর্যায়ের অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক বিশ্লেষকরা।