আইন আদালত ডেস্ক
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পরিচালিত বিশেষ বিচারিক কার্যক্রমের আওতায় মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে। বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব, মামলাজট নিরসন এবং দেশের বিচারব্যবস্থায় গতিশীলতা আনয়নের লক্ষ্যে গঠিত বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এসব মামলা নিষ্পত্তি করা হয়। সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রধান বিচারপতির দিকনির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলা দ্রুত নিষ্পত্তির বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় গত ১৩ আগস্ট হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে একক কার্যদিবসেই ৫ হাজার ৪০৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চের বিচারপতিদের সমন্বয়ে এই বিশেষ কার্যক্রমের সূচনা হয়। বিশেষ কার্যক্রম চালুর পর ১২ কার্যদিবসে মোট ৫৫ হাজার ৭৩০টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। এর সঙ্গে পুরোনো রিট মামলা অন্তর্ভুক্ত হয়ে মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৬৩৭টিতে। প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরোনো ফৌজদারি ও রিট আবেদনসমূহ অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য কার্যতালিকাভুক্ত করা হচ্ছে এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
বাংলাদেশের বিচারপ্রশাসনে বিচারাধীন মামলার দীর্ঘসূত্রতা ও মামলাজট অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হিসেবে বিবেচিত হয়ে আসছে। বছরের পর বছর উচ্চ আদালতে হাজার হাজার ফৌজদারি বিবিধ আবেদন ও রিট পিটিশন ঝুলে থাকায় বিচারপ্রার্থীরা প্রশাসনিক ও আইনি জটিলতায় পড়েন। প্রধান বিচারপতির বিশেষ এ উদ্যোগের ফলে উল্লেখযোগ্য সংখ্যক পুরোনো মামলার দ্রুত সুরাহা হওয়ায় উচ্চ আদালতে চলমান মামলাজটের চাপ অনেকটাই হ্রাস পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, দীর্ঘদিনের মামলাজট নিরসন করা দেশের বিচারব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ। পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির এই পদক্ষেপ বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে এবং বিচারব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে।
তিনি আরও উল্লেখ করেন, মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা নিষ্পত্তি হওয়া একটি তাৎপর্যপূর্ণ ও আশাব্যঞ্জক অগ্রগতি। বিশেষ করে একক দিনে ৫ হাজার ৪০৫টি পুরোনো ফৌজদারি বিবিধ মামলা নিষ্পত্তি বিচারিক কার্যক্রমে ইতিবাচক গতি সঞ্চার করেছে। মামলা নিষ্পত্তির এই ধারা অব্যাহত রাখতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে পূর্ণ আইনি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হবে।
উচ্চ আদালতের এ পদক্ষেপে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিচারপ্রার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আইনজ্ঞদের মতে, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও বেঞ্চগুলোর সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে উচ্চ আদালতে মামলা নিষ্পত্তির হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং সার্বিক বিচারিক কার্যক্রমে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।