শিক্ষা ডেস্ক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরে যাওয়া ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পাওনা পরিশোধে এককালীন দুই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৫ আগস্ট ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে একযোগে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পাঠানো হবে।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রী ডা. এ এন এম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২২ সাল থেকে অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা অবসর ও কল্যাণ ট্রাস্টের পাওনা না পেয়ে দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতন থেকে প্রতি মাসে অবসর বোর্ডের জন্য ৬ শতাংশ এবং কল্যাণ ট্রাস্টের জন্য ৪ শতাংশ অর্থ কাটা হলেও নিয়মিত বাজেট বরাদ্দ না থাকায় এবং বিগত বছরগুলোতে তহবিলের অর্থ বিভিন্ন দুর্বল ব্যাংকে আটকে যাওয়ায় দীর্ঘ জট সৃষ্টি হয়। বর্তমানে অবসর সুবিধা বোর্ডে ৭৫ হাজার এবং কল্যাণ ট্রাস্টে ৪৪ হাজার আবেদনসহ মোট এক লাখ ১৯ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে।
শিক্ষা সচিব আবদুল খালেক জানান, শিক্ষকদের জমাকৃত অংশের ভিত্তিতে প্রথম ধাপে ২১০০ কোটি টাকা প্রয়োজন ছিল। এর মধ্যে প্রধানমন্ত্রী এককালীন দুই হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এবং বাকি ১০০ কোটি টাকা তহবিল থেকে সংগ্রহ করা হবে। এর ফলে ৭৫ হাজার শিক্ষক একযোগে ৫ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত পাবেন। আগামী ১৩ আগস্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। পরবর্তী সময়ে দ্বিতীয় ধাপে বাকি পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।