সারাদেশ ডেস্ক
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শাওন নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট ১২ জন শিশুর মৃত্যু হলো। ২ আগস্ট রোববার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে ১ আগস্ট শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হামের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৯ মাস বয়সী শিশু শাওন নীলফামারী সদর উপজেলার সুইট মিয়ার ছেলে।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা নতুন আরও ২০ জন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে লালমনিরহাট জেনারেল হাসপাতালে ১ জন, নীলফামারী জেলা হাসপাতালে ৫ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ভর্তি রয়েছে।
চলতি বছরের ৩০ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ১৫০ জন রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ হাজার ৯৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে রংপুর বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৫২ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
চিকিৎসকদের মতে, শিশুদের মধ্যে হামের প্রকোপ এবং এর উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা প্রতিরোধে দ্রুত টিকাদান নিশ্চিত করা ও সঠিক আইসোলেশন ব্যবস্থা গ্রহণ করা জরুরি। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন সংক্রমণ রোধে আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।