শরীয়তপুর — জেলা প্রতিনিধি
সরকার ব্যর্থ হলে দেশ ছেড়ে কারো টিকে থাকা সম্ভব হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। চিকিৎসকদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারত্ব ও আন্তরিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণে সরকার এখন থেকে আর কোনো নমনীয় নীতি অনুসরণ করবে না।
শনিবার (১ আগস্ট) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সেবা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কথা উল্লেখ করে চিকিৎসকদের উদ্দেশে সতর্কবার্তা দেন। তিনি বলেন, অভ্যুত্থানের পর জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে তার দায়ভার কেবল প্রশাসনের ওপর নয়, বরং পুরো স্বাস্থ্য খাতের ওপরই বর্তাবে। প্রতিটি স্তরের সরকারি কর্মকর্তা ও চিকিৎসকদের কর্মকাণ্ড সাধারণ মানুষের দৃষ্টিগোচর রয়েছে উল্লেখ করে তিনি নিজ নিজ কর্মস্থলে নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন।
স্বাস্থ্য খাতকে সংবেদনশীল ও জাতীয় অগ্রগতির মূল চালিকাশক্তি অভিহিত করে মন্ত্রী এটি ধ্বংসের হাত থেকে রক্ষার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক শ্রমনাজারে বাংলাদেশি প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তাদের পাঠানো রেমিট্যান্সের ওপর নির্ভর করেই দেশের অর্থনীতি ও জাতীয় রিজার্ভ টেকসই রূপ পেয়েছে। দেশের তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হলে তারা বিশ্বজুড়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবে। আর এই সুঠাম জনসম্পদ তৈরিতে দেশের স্বাস্থ্য খাতের চিকিৎসকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, চিকিৎসাধীন রোগীদের সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিতের জন্য হাসপাতাল প্রশাসনকে নির্দেশ দেন।