খেলাধূলা ডেস্ক
ডাচ ক্রিকেট দলের অধিনায়কের পদে পরিবর্তন এসেছে। চার বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর নেদারল্যান্ডস জাতীয় পুরুষ ক্রিকেট দলের নেতৃত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন স্কট এডওয়ার্ডস। তার স্থলাভিষিক্ত হয়েছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার বাস ডি লিড। চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর বাকি ম্যাচগুলো থেকে তিনি ডাচদের অধিনায়কত্ব করবেন।
আন্তর্জাতিক গণমাধ্যম ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের (কেএনসিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বকাপ লিগ-২-এর উট্রেখট পর্ব শেষ হওয়ার পর এক ভিডিও বার্তায় সতীর্থদের সামনে দায়িত্ব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন এডওয়ার্ডস। তিনি জানান, সাবেক প্রধান কোচ রায়ান কুক ও ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাটার ও উইকেটকিপার হিসেবে নিজের খেলায় আরও মনোযোগ দিতেই নেতৃত্বের অতিরিক্ত চাপ থেকে মুক্ত হওয়ার পথ বেছে নিয়েছেন তিনি।
২০২২ সালের জুনে পিটার সিলারের অবসরের পর ডাচ দলের দায়িত্ব নেন এডওয়ার্ডস। তার মেয়াদে নেদারল্যান্ডস ৫৬টি ওয়ানডে খেলে ২৪টিতে জয় লাভ করে। তার নেতৃত্বেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে পরাজিত করে দলটি। এর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার পরিচালনায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয় ডাচরা।
নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া বাস ডি লিড বিদায়ী অধিনায়কের অবদানের প্রশংসা করে বলেন, দলের প্রতিটি ক্রিকেটারের ওপর এডওয়ার্ডসের গভীর বিশ্বাস এবং কৌশলগত দিকনির্দেশনা দলকে এ পর্যায়ে নিয়ে এসেছে।
বর্তমানে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর পয়েন্ট তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস। এই টুর্নামেন্টের শীর্ষ চার দল সরাসরি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পাবে। চলতি বছরের শেষ দিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লিগ-২-এর শেষ সিরিজ খেলতে মাঠে নামবে ডাচরা, যা নতুন অধিনায়ক বাস ডি লিডের অধীনে তাদের প্রথম বড় পরীক্ষা হতে যাচ্ছে।