সারাদেশ ডেস্ক
জেলা হাসপাতালগুলোকে আরও কার্যকর, পরিচ্ছন্ন ও জনবান্ধব সেবাকেন্দ্রে পরিণত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সাথে দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জেলা হাসপাতালগুলোর সেবার মান বৃদ্ধিতে চিকিৎসকদের আরও আন্তরিক ও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার বিকালে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে আয়োজিত জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক মতবিনিময় সভায় সরকারের এই দুই নীতিনির্ধারক এসব কথা বলেন। সভায় টাঙ্গাইল জেলার প্রধান এই চিকিৎসাকেন্দ্রের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা নিশ্চিত করাসহ সার্বিক নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে। হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। তৃণমূলের মানুষের চিকিৎসা নিশ্চিত করতে জেলা পর্যায়ের এই হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা জরুরি।
হাসপাতালের বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, চিকিৎসকের শূন্যপদ পূরণ, আধুনিক চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় জনবল সংকট দূর করা, টেকনিশিয়ানের অভাব কাটানো এবং লিফটসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যাগুলো ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে জরুরি বিভাগে আগত রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা এবং চিকিৎসকদের রোগীদের সঙ্গে মানবিক আচরণ করার তাগিদ দেন তিনি। হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, রোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি কেবল টাঙ্গাইল জেলা নয়, বরং আশপাশের কয়েকটি অঞ্চলের মানুষের চিকিৎসাপ্রাপ্তির অন্যতম প্রধান ভরসাস্থল। এই বিপুলসংখ্যক জনগোষ্ঠীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকার জনবল ও অবকাঠামোগত সকল সীমাবদ্ধতা দূরীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন কোনো রকম ভোগান্তি ছাড়া সরকারি হাসপাতালে মানসম্মত চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।
সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) স্থানীয় নেতৃবৃন্দ, জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত বক্তারা হাসপাতালের চিকিৎসাসেবার মান বৃদ্ধিতে এবং দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির ওপরও গুরুত্বারোপ করেন।