সারাদেশ ডেস্ক
টাঙ্গাইলে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিনামূল্যে বীজ, সার, বিভিন্ন গাছের চারা এবং নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল শনিবার বিকেলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের কৃষি খাতের সার্বিক উন্নয়ন ও কৃষকদের কল্যাণে বর্তমান সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই বিশেষ প্রণোদনা কর্মসূচি প্রান্তিক পর্যায়ের কৃষকদের উৎপাদন ক্ষমতা বাড়াতে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার মোট ২ হাজার ৫ শত ৯০ জন তালিকাভুক্ত ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষককে এই সহায়তা দেওয়া হয়েছে। কৃষকদের মাঝে ফসলের উচ্চফলনশীল জাতের বীজ, সুষম সার ও ফলদ-বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি গ্রামীণ এলাকার অর্থনৈতিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষের স্বাবলম্বী করার লক্ষ্যে নগদ অর্থের চেক হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের খাদ্য মজুত ও অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে সরকারের এই ধারাবাহিক কৃষি প্রণোদনা কার্যকর অবদান রাখছে। প্রান্তিক পর্যায়ে সঠিক সময়ে বীজ ও সার সরবরাহ করার ফলে কৃষকদের উৎপাদন খরচ অনেকাংশে কমে আসবে এবং চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল উৎপাদন সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া। এছাড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ ও উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আকতারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কৃষক প্রতিনিধিরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।