সারাদেশ ডেস্ক
কুমিল্লার মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরীকে অপহরণের ঘটনায় মেহেদী হাসান (২০) ও জুনায়েদ (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত দুই কিশোরীও উদ্ধার করা হয়েছে। অপহৃত দুই কিশোরী আপন চাচাতো বোন।
মুরাদনগর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কিশোরীরা বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে অভিযুক্তরা তাদের কৌশলে অপহরণ করে। এরপর অভিযুক্তরা কিশোরীদের কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় নিয়ে ঘোরাফেরা করে। রাতের দিকে তারা পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার চাপানগর এলাকায় অবস্থান নেয়।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চাপানগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে এবং অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত জুনায়েদ মুরাদনগর উপজেলা সদরের মুরাদনগর মধ্যপাড়া এলাকার আবু সিদ্দিকের ছেলে। অপর গ্রেপ্তারকৃত মেহেদী হাসান দেবিদ্বার উপজেলার সুবিল ফাইতাবাজ গ্রামের বাবুল মিয়ার ছেলে এবং বর্তমানে মুরাদনগর মধ্যপাড়া এলাকায় ভাড়া থাকতো।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, দুই নাবালিকাকে অপহরণের অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই ভিকটিমদের উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার সম্ভব হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুই যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশের এই দ্রুত ব্যবস্থা এলাকায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করা হয়েছে।