ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অত্যন্ত গোপনীয় আবুধাবি সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। এই অঘোষিত সফরে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে নেতানিয়াহুর সরাসরি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই উচ্চপর্যায়ের গোপন সফরের সত্যতা নিশ্চিত করা হয়। আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে বৈঠকে দুই পক্ষ সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং তা আরও জোরদার ও উন্নত করার নানা উপায় নিয়ে আলোচনা করেছে।
ইসরায়েলে আগামী অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনের মাত্র এক মাস আগে এই সফরটি অনুষ্ঠিত হলো। এমন এক স্পর্শকাতর সময়ে এই সফরের তথ্য প্রকাশ্যে এলো যখন ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নজিরবিহীন অভিযানের আগে আমিরাতের প্রেসিডেন্ট তাকে কোনো সতর্কবার্তা দিয়েছিলেন কি না তা নিয়ে জোর বিতর্ক চলছে। সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে এমবিজেড নামে পরিচিত আমিরাতের প্রেসিডেন্ট হামাসের হামলার আশঙ্কার কথা আগেই নেতানিয়াহুকে জানিয়েছিলেন।
ইসরায়েলের দৈনিক সংবাদপত্র হারেৎজ চলতি মাসের শুরুতে জানায় হামলার প্রায় ১০ দিন আগে আমিরাতের প্রেসিডেন্ট টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। সে সময় তিনি হামাসের তৎকালীন শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের একটি হুমকির কথা উল্লেখ করে সতর্ক করেছিলেন যেখানে সিনওয়ার একটি বড় চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে দাবি করা হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় শেখ মোহাম্মদ এ বিষয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকেও আগাম সতর্কবার্তা দিয়েছিলেন।
তবে হামাসের অভিযানের আগে কোনো ধরনের আগাম তথ্য পাওয়ার দাবি সরাসরি অস্বীকার করেছে নেতানিয়াহুর কার্যালয়। প্রতিবেদনটি প্রকাশের পরপরই নেতানিয়াহু এটিকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে সংশ্লিষ্ট সংবাদপত্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদের অবমাননা এবং অবৈধ বসতি স্থাপনকারীদের নিপীড়নের প্রতিবাদে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে অপারেশন আল-আকসা ফ্লাড পরিচালনা করে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই অভিযানে প্রায় ৩০০ সেনাসদস্যসহ কমপক্ষে এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয় এবং দুই শতাধিক মানুষকে বন্দি করে নিয়ে যাওয়া হয়।
হামাসের সেই অভিযানের জবাবে গাজা ভূখণ্ডে সামরিক আগ্রাসন শুরু করে তেল আবিব। দীর্ঘ আগ্রাসনে এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। চলতি বছরের মে মাসে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান সম্ভাব্য ইরানি হামলা থেকে আমিরাতকে প্রতিরক্ষা দিতে ইসরায়েল সেখানে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ও সামরিক সদস্য মোতায়েন করেছে।
নেতানিয়াহুর এই গোপন সফরের খবর প্রথম সম্প্রচার করে ইসরায়েলের চ্যানেল ১২। এর পরিপ্রেক্ষিতে দেশটির নিরাপত্তা সংস্থা শিন বেত সামরিক সেন্সর দপ্তরে অভিযোগ দাখিল করে দাবি করেছে যে এই তথ্য প্রকাশ করায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং গোয়েন্দা কার্যক্রমের অভ্যন্তরীণ কৌশল ফাঁস হয়ে গেছে। আগামী অক্টোবরের নির্বাচনে জনমত জরিপে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের কাছে নেতানিয়াহু পিছিয়ে থাকার মধ্যেই এই গোপন সফরের খবর সামনে এলো।