দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে আশ্বস্ত করেছেন এলপি গ্যাসের অপারেটররা।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অপারেটরদের পক্ষ থেকে এই নিশ্চয়তা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বর্তমান এলপিজি আমদানির পরিমাণ, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজার দর এবং আনুষঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সভায় দেশের এলপিজি খাতের সার্বিক চিত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এনবিআরের সূত্র থেকে পাওয়া তথ্যে, গত আগস্ট মাসে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ টন এবং চলতি সেপ্টেম্বর মাসের ২২ তারিখ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৭৪২ টন এলপিজি আমদানি করা হয়েছে। এই উপাত্ত অনুযায়ী, দেশে এলপিজির জোগান ও মজুত পরিস্থিতি ভালো। সুতরাং বর্তমানে এলপি গ্যাসের কোনো ধরনের সংকট নেই বলে সভায় জানান এলপিজি আমদানিকারক ও অপারেটররা।
জ্বালানিমন্ত্রী এলপিজির পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও গ্রাহক পর্যায়ে যেন সরবরাহ ঘাটতি না হয়, অসৎ উদ্দেশ্যে কেউ যেন মজুতদারি করে জনদুর্ভোগ সৃষ্টি না করেন, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। অপারেটররা মন্ত্রীকে তাদের দিক থেকে সকল সহযোগিতা দেওয়ার কথা জানান।
এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী আপারেটরদের ব্যাবসা পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতার কথা শোনেন এবং সেগুলো দ্রুত সমাধান করার জন্য জ্বালানি বিভাগকে নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, এলপি গ্যাস আমদানির ক্ষেত্রে সকল বাধা অপসারণে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে। মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে বলে মন্ত্রী সভায় আশ্বস্ত করেন।