আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে টাকার মাধ্যমে লেনদেন নিষ্পত্তিতে নতুন একগুচ্ছ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে কোনো প্রারম্ভিক জমা ছাড়াই ‘টাকা ভস্ট্র অ্যাকাউন্ট’ খোলা ও পরিচালনা করা যাবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে টাকা ভস্ট্র অ্যাকাউন্ট খোলা যাবে। এ জন্য কোনো প্রারম্ভিক জমার প্রয়োজন হবে না।
এলসি, চুক্তি ও ইনভয়েস অবাধে রূপান্তরযোগ্য মুদ্রায় করা গেলেও লেনদেন নিষ্পত্তির সময় তা প্রচলিত বিনিময় হারে টাকায় রূপান্তর করতে হবে।
বিদেশি অংশীদার ব্যাংকের সঙ্গে ব্যাংকিং নথিপত্রের আদান-প্রদান ও যোগাযোগ নিরাপদ, দ্রুত এবং দক্ষতার সঙ্গে সম্পন্ন করার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আমদানিকারকদের স্থানীয় ব্যাংকিং চ্যানেল অথবা সংশ্লিষ্ট ভস্ট্র অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন নিষ্পত্তি করতে হবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব হিসাবের বিপরীতে ওভারড্রাফট সুবিধাও দেওয়া যাবে।
এদিকে বিদেশি ব্যাংকের ভস্ট্র অ্যাকাউন্টে থাকা উদ্বৃত্ত অর্থ বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে স্থানীয় প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ কিংবা বিদেশে রেমিট্যান্স হিসেবেও ওই অর্থ পাঠানো যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমদানি ও রপ্তানি লেনদেনে আইএমপি ও এক্সপি ফর্মসংক্রান্ত বিদ্যমান বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এএমএল/সিএফটি ব্যবস্থা এবং গ্রাহকের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কেওয়াইসি নীতি কঠোরভাবে পরিপালন করতে হবে।
এ ছাড়া যেসব দেশের স্থানীয় মুদ্রা অবাধে রূপান্তরযোগ্য নয়, সেসব দেশের সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেন করতে চাইলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিয়ে বিদেশি নস্ট্রো অ্যাকাউন্ট বজায় রেখে লেনদেন নিষ্পত্তি করা যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ নির্দেশনার ফলে টাকায় আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের সুযোগ আরও বিস্তৃত হবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।