1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ অপরিশোধিত তেলের তুলনায় ডিজেলসহ পরিশোধিত জ্বালানির দাম কেন বেশি বাড়ছে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী আশুলিয়ায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে হাসপাতালে দুই মন্ত্রী, অর্থ সহায়তা ধারণক্ষমতার পাঁচগুণ জনসংখ্যা, ডুবছে ঢাকা ইউরোপীয় ফুটবল লিগ পয়েন্ট টেবিল; কোন লিগে কারা এগিয়ে, চ্যাম্পিয়নরা কে কোথায়? লম্বা বিরতিতে যাচ্ছে ক্লাব ফুটবল: ফিফার নতুন সিদ্ধান্তের নেপথ্যে কী ৫ দিনেই কোটি ভিউ, নাটকটি দেখে যা বলছেন দর্শক

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

দুই দলের আগের পাঁচ টি-টোয়েন্টির চারটিতে পাকিস্তানকে হারালেও এবার এশিয়ান গেমসের ব্রোঞ্জের লড়াইয়ে তাদের সঙ্গে পেরে উঠল না নিগার সুলতানার দল।

টস জয় থেকে শুরু করে ম্যাচও জিতেছে পাকিস্তান। ছবি: বিসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সোনার পদকের স্বপ্ন তো গুঁড়িয়ে গেছে আগেই। ব্রোঞ্জ ধরে রাখার আশা অন্তত ছিল। পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড তো দারুণ। কিন্তু সেই প্রত্যাশাও পূরণ হলো না। পাকিস্তানকে হারানো তো দূরের কথা, লড়াই সেভাবে জমাতেই পারল না বাংলাদেশ।

বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে ব্রোঞ্জ জিতে নিল পাকিস্তান।

গত এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়েই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। দুই দলের সবশেষ পাঁচ টি-টোয়েন্টির চারটিই জিতেছিল তারা। কিন্তু এবার পাকিস্তানিরা জিতে গেল বেশ সহজেই।

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে আগের তিন আসরের দুটিতে রুপা জিতেছিল বাংলাদেশ, একবার জিতেছ ব্রোঞ্জ। পদকশূন্য থাকল এবারই প্রথম।

জাপানের আইচির নিশিনে পাকিস্তান ২০ ওভারে তোলে ৮ উইকেটে ১৪৫ রান। দলের সেরা ক্রিকেটার ও অধিনায়ক ফাতিমা সানা সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলে।

বাংলাদেশ পারেনি সেই রান তাড়ার সম্ভাবনা জাগাতেও। টানা ব্যাটিং ব্যর্থতার চক্রে থাকা দল পুরো ২০ ওভার খেলে করতে পারে ১১৪ রান। শারমিন আক্তারের ৪৬ রানের লড়িয়ে ইনিংসে ব্যবধান কিছুটা কমাতে পারে তারা।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নিগার সুলতানার শেষ ম্যাচ হতে পারে এটিই। নেতৃত্ব ছাড়তে চাওয়ার কথা জানিয়ে বোর্ডকে মেইল করেছেন তিনি এই আসর শুরুর আগেই। দল দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়ার কথা বিসিবির।

নেতৃত্বের সম্ভাব্য শেষ ম্যাচেও নিগারের ব্যাট ছিল মিইয়ে। ৩০ বল খেলে করতে পেরেছেন মোটে ২৫ রান।

পাকিস্তানের উম-ই-হানি বাংলাদেশের ব্যাটারদের জন্য হয়ে হয়ে উঠেছিলেন সাকলায়ে মুশতাকের মতো ক্ষুরধার স্পিনার। চার ওভারে স্রেফ ১০ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন এই অফ স্পিনার।

কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে ভালো শুরু এনে দেন গুল ফিরোজা। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান তোলে তারা। সেখানে শাওয়াল জুলফিকার মূলত উইকেট আগলে ছিলেন, দ্রুত রান তোলেন ফিরোজা।

পাওয়ার প্লে শেষে বল হাতে নিয়ে ব্রেক থ্রু এনে দেন বাংলাদেশের সেরা বোলার নাহিদা আক্তার। স্লগ করার চেষ্টায় বোল্ড হয়ে যান ফিরোজা (২৩ বলে ৩১)।

এরপর পাকিস্তানকে চেপে ধরে নাহিদা ও স্বর্ণা আক্তারের স্পিন জুটি। ধুঁকতে থাকা ওপেনার শাওয়াল (২৭ বলে ১৭) ও তিনে নামা সাইয়া জাবিনকে ফেরান লেগ স্পিনার স্বর্ণা। পাওয়ার প্লের পরের চার ওভারে পাকিস্তান তিন উইকেট হারিয়ে তোলে মোটে ১৬ রান।

একাদশে ফেরা রিতু মনি আক্রমণে এসেই দেখা পান উইকেটের। এরপর বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা যখন ফেরালেন আয়েশা জাফারকে, পাকিস্তান তখন চরম বিপদে। দ্বাদশ ওভারে তাদের রান ৫ উইকেটে ৬৭।

সেখান থেকেই ফাতিমা সানা ও আলিয়া রিয়াজের দারুণ জুটি। দুই অভিজ্ঞ ক্রিকেটারের ৪৩ বলে ৬৭ রানের জুটিই মূলত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

ক্রিজে যাওয়ার পরপরই নাহিদাকে দারুণ এক ছক্কায় শুরু করেন ফাতিমা। এরপর চালিয়ে যান সহজাত আগ্রাসী ব্যাটিং। দারুণ সঙ্গ দেন আলিয়াও।

ফাতিমা পরে ছক্কা মারেন রাবেয়া ও মেঘলাকে। মেঘলার ওই ওভারে ছক্কা আসে আলিয়ার ব্যাট থেকেও। পরে তিনি ছক্কা মারেন রিতুকেও।

শেষের আগের ওভারে রিতুর বলে আলিয়া (২২ বলে ২৫) স্টাম্পড হলে ভাঙে এই জুটি। দলকে দেড়শর কাছে নিয়ে ইনিংসের শেষ বলে আউট হন ফাতিমা। তার ৪৫ রানের ইনিংসে ছক্কা ও চার ছিল তিনটি করে।

বাংলাদেশের ব্যাটিংয়ের সাম্প্রতিক যা চিত্র, ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে হলে অভাবনীয় কিছুর প্রয়োজন হতো। তেমন কিছু তারা দেখাতে পারেননি।

দুই ওপেনার বরাবরের মতোই ব্যর্থ। উম-ই-হানির স্পিনে বড় শটের চেষ্টায় আউট জন জুয়ায়রিয়া ফেরদৌস। ইনিংসের প্রথম বলে চার দিয়ে শুরু করা দিলারা আক্তার ৮ বলে ১২ করে ধরা পড়েন সীমানায় সাইরার দুর্দান্ত ক্যাচে। ব্যর্থতার ধারা থেকে বের হতে পারেননি সোবহানা মোস্তারিও।

পাওয়ার প্লেতে বাংলাদেশ তোলে ৩ উইকেট হারিয়ে স্রেফ ২৫ রান। সম্ভাবনা একরকম শেষ বলা যায় সেখানেই।

উইকেট ধরে রাখার চেষ্টায় নিগার ও শারমিনের মন্থর ব্যাটিং দলকে আরও চাপে ফেলে দেয়। ১২ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৫৩। নিগারের রান তখন ২৪ বলে ১৪।

পরে তুবা হাসানের এক ওভারে দুটি চার মারলেও বাংলাদেশ অধিনায়ক পারেননি ইনিংস এগিয়ে নিতে। আয়েজা জাফারের স্পিনে এলবিডব্লিউ হন তিনি সুইপ খেলার চেষ্টায়।

এরপর কেবল শেষের অপেক্ষা। স্বর্ণা, রিতুরা পারেননি পরিস্থিতির দাবি মেটাতে। শারমিনের ব্যাটে একশ পার হতে পারে দল।

শেষ বলটিতে চার মারতে পারলে ফিফটি হতো শারমিনের। কিন্তু সেই সান্ত্বনাও মেলেনি তার। অপরাজিত থাকেন ৪৫ বলে ৪৬ রান করে।

সোনার পদকের লড়াইয়ে এ দিনই মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

পাকিস্তান: ২০ ওভারে ১৪৫/৮ (শাওয়াল ১৭, ফিরোজা ৩১, সাইরা ৫, আয়েশা ৯, আইমান ০, আলিয়া ২৫, ফাতিমা ৪৫, তুবা ৪, তাসমিয়া ১*; মারুফা ৩-০-২৬-০, মেঘলা ৪-০-২৮-১, রাবেয়া ৩-০-২৩-০, নাহিদা ৪-০-২১-২, স্বর্ণা ৩-০-১৬-২, রিতু ৩-০-২৭-২)।

বাংলাদেশ: ২০ ওভারে ১১৪/৭ (দিলারা ১২, জুয়ায়রিয়া ৪, নিগার ২৫, সোবহানা ২, শারমিন ৪৬*, স্বর্ণা ৬, রিতু ৩, রাবেয়া ৪, নাহিদা ১০*; তাসমিয়া ৩-০-২৫-১, ফাতিমা ৪-০-২৫-১, উম-ই-হানি ৪-১-১০-৩, তুবা ৩-০-২৫-০, নাশরা ৪-০-১৯-১, আয়েশা ২-০-১০-১)।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026