নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যুবদলের মিছিল।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে সেখানকার বিএনপি নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রতিদিন বিকালে সমবেত হয়ে তারা মিছিল করছেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার নিউ ইয়র্কে পৌঁছবেন। তার সফরের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা।
জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন তারা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সোমবার ভোর বেলা প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। নিউ ইয়র্ক অবস্থানকালে তিনি হোটেল হায়াতে থাকবেন।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সন্মানে হোটেল নিউইয়র্ক প্যালেসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন।
বাংলাদেশের সরকারপ্রধান বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন।
এর পাশাপাশি প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ গ্রহণ করবেন এবং অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপির নেতাকর্মীদের মিছিল।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে।
নিউ ইয়র্কে বসবাসকারী বিএনপি সমর্থক শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেতা তারেক রহমান নিউ ইয়র্ক আসছেন…এটা আমাদের জন্য বিরাট প্রাপ্তি। বিএনপি ও অঙ্গসংগঠনের অনেকে নেতা-কর্মী-সমর্থক তারা বিভিন্ন রাজ্যে থাকেন তারাও এসেছেন নিউ ইয়র্কে।
“উদ্দেশ্যে একটাই, তারেক রহমানকে সামনে থেকে দেখা, খুব কাছ থেকে নেতাকে অভিনন্দন জানানো।”
ক্যালিফোনিয়া থেকে আসা সাব্বির আহমেদ বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ ফোরামে ভাষণ দেবেন। এটা ঐহিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।”
তিনি বলেন, “বিশ্ব নেতাদের সামনে প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও নতুন বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরবেন…আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি।”
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পরে তাদের সন্তান তারেক রহমানের জাতিসংঘে ভাষণ দেওয়াকে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সাব্বির।
তিনি বলেন, “আমরা যারা প্রবাসে বিএনপির সমর্থক তাদের কাছে এটা বিরাট গর্বের বিষয়, অহংকার করার মতো ঘটনা।”
জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরসহ আশেপাশের সড়কগুলোতে সোমবার থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কর্মদিবসগুলোতে ‘গ্রিডলক অ্যালার্ট’ জারি করেছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ।
ম্যানহাটনের ফার্স্ট এভিনিউর ৪১ থেকে ৪৮ স্ট্রিট এবং ৪২ স্ট্রিটের বড় একটি অংশসহ ৩০টির বেশি সড়কে পুরোপুরি বা আংশিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর থাকবে।
রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের গাড়িবহর চলাচলের সময় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সড়কে সাময়িক ‘রোলিং ক্লোজার’ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ।
সম্ভাব্য যানজট পরিস্থিতি বিবেচনায় নগরবাসী ও চাকরিজীবীদের ব্যক্তিগত গাড়ি এড়িয়ে সাবওয়ে, ফেরি কিংবা সাইকেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের?
৮ দফার বিশ্লেষণ এবং এক দফার রাজনীতি
অপ্রতিমের নির্মম বিদায়: আমাদের নিরাপত্তাহীন ভবিষ্যতের প্রতিচ্ছবি
সৌরবিদ্যুৎ কি সত্যিই শতভাগ পরিবেশবান্ধব, নাকি দূষণের রূপান্তর?