1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

ঢাকা-নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট চালুসহ প্রবাসীদের একাধিক দাবি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ঢাকা-নিউ ইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালুর দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি বিমানবন্দরে হয়রানি বন্ধ, দেশে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা, সম্পত্তি দখলমুক্ত রাখা এবং প্রবাসীর মরদেহ বিনামূল্যে দেশে পাঠানোর ব্যবস্থাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন তারা।

প্রবাসীদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফরেই ঢাকা-নিউ ইয়র্ক রুট চালুর বিষয়ে একটি সুস্পষ্ট সময়সূচি ও বাস্তবায়ন পরিকল্পনা ঘোষণা করা হবে।

দীর্ঘদিন ধরেই নিউ ইয়র্কপ্রবাসী বাংলাদেশিদের অন্যতম দাবি ঢাকা-নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট। বিমানের এই রুটে সর্বশেষ ফ্লাইট ২০০৬ সালের ২৯ জুলাই নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর আগে ১৯৯৩ সালে রুটটি চালু হয়েছিল। প্রায় ১৩ বছর চালু থাকার পর ২০০৬ সালে ফ্লাইটটি বন্ধ হয়ে যায়।

এরপর বিভিন্ন সময়ে রুটটি পুনরায় চালুর আশ্বাস ও উদ্যোগের কথা জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের নিউ ইয়র্ক সফরকে ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে প্রবাসীদের মধ্যে।

এক প্রবাসী বলেন, শুধু ঢাকা-নিউ ইয়র্ক নয়, লন্ডনের মতো নিউ ইয়র্ক থেকে সিলেটেও সরাসরি বিমান চালুর উদ্যোগ নেয়া উচিত।

প্রবাসীদের দাবি, দেশে ফেরার পর বিমানবন্দরে হয়রানি বন্ধ করে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশে থাকা বাড়িঘর, জমিজমা ও অন্যান্য সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।

মৃত্যুর পর প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে পাঠানোর ব্যবস্থার দাবিও রয়েছে তাদের। পরিবার নিয়ে দেশে বেড়াতে গিয়ে যেন নিরাপদে আবার যুক্তরাষ্ট্রে ফিরতে পারেন, সেটিও প্রধানমন্ত্রীর কাছে তাদের অন্যতম প্রত্যাশা।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।

প্রবাসীরা আশা করছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাদের দীর্ঘদিনের দাবিগুলো নিয়ে কার্যকর উদ্যোগের ঘোষণা আসবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026