রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার সিলেটে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর তিনি সার্কিট হাউসে যাবেন। দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
বেলা সাড়ে ৩টায় নগরভবনের সামনে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি। কর্মসূচি শেষে রাত ৮টায় ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এসব তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আগমন ঘিরে সিলেট নগরে চলছে ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পরিচ্ছন্ন করা হয়েছে। রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
রোববার বিকেলে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি মাজার এলাকা ঘুরে দেখেন। রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিসিকের নেওয়া প্রস্তুতির অগ্রগতির বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে খোঁজ নেন।
সিসিক প্রশাসক বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসহ নগরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন ও সংস্কারকাজে সিলেট সিটি করপোরেশন নিয়মিত কাজ করে আসছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষে এসব কাজ আরো গতিশীল করা হয়েছে।
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনও সার্বিক প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সফর উপলক্ষে গত শনিবার সমন্বয় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সভায় সভাপতিত্ব করেন এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
রাষ্ট্রপতির নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।