1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

প্রথম শ্রেণির ক্রিকেটে বিরল এক কীর্তি গড়েছেন ভারতের বাঁহাতি স্পিনার মানব সুতার। দুই ইনিংসে অন্তত একটি করে উইকেট নেওয়ার পাশাপাশি কোনো রান না দেওয়ার অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন রাজস্থানের এই ২৬ বছর বয়সী স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১২৯ বছর আগে একবারই এক কীর্তি দেখা গিয়েছিল।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে কার্ডিফের সোফিয়া গার্ডেনে গ্ল্যামারগানের বিপক্ষে ম্যাচে সুতারের দল ওয়ারউইকশায়ার ইনিংস ও ২৫৭ রানের বিশাল জয় পেয়েছে। ম্যাচে গ্ল্যামারগান দুই ইনিংসে মাত্র ৬৯ ও ৬৫ রানে অলআউট হয়। ওয়ারউইকশায়ার প্রথম ইনিংসে তোলে ৩৯১ রান।

এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে কোনো রান খরচ না করে ৩ উইকেট শিকার করেছেন সুতার।

গ্ল্যামারগানের প্রথম ইনিংসে পেসারদের দাপটে মাত্র তিন বল করার সুযোগ পান সুতার। সেই তিন বলের মধ্যেই তিনি বোল্ড করেন ১১ নম্বর ব্যাটার মির হামজাকে।

দ্বিতীয় ইনিংসে অবশ্য কিছুটা বেশি সময় বল করার সুযোগ পান বাঁহাতি এই স্পিনার। ইনিংসের ২৪তম ওভারে আক্রমণে এসে প্রথম ওভারেই মেডেন নেন। পরের ওভারে মাত্র চার বলের মধ্যে উইকেটকিপার ক্রিস কুক এবং ১০ নম্বর ব্যাটার জেমি ম্যাকইলরয়কে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি।

ফলে ম্যাচে তার বোলিংয়ের পরিসংখ্যান দাঁড়ায়-দুই ইনিংসে তিন উইকেট, শূন্য রান।

সুতারের এই কীর্তি প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় ঘটনা। এর আগে সর্বশেষ এমন নজির দেখা গিয়েছিল ১৮৯৫ সালে।

ইংল্যান্ডের কিংবদন্তি টম হেওয়ার্ড লেস্টারশায়ারের হয়ে সারির বিপক্ষে দ্য ওভালে একই ধরনের কীর্তি গড়েছিলেন। দুই ইনিংসে মাত্র ছয় বল করে তিনটি উইকেট নিয়েছিলেন তিনি, অথচ কোনো রান দেননি।

চলতি মৌসুমটা সুতারের জন্য স্বপ্নের মতো কাটছে। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকেই তিনি নেন ৭ উইকেট, যার মধ্যে এক ইনিংসে ছিল ৬ উইকেট।

এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে ১৬ উইকেট নিয়ে ভারতের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সিরিজ ১-০ ব্যবধানে জেতার মাত্র তিন দিন পরই ইংল্যান্ডে উড়ে যান সুতার, ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে।

কাউন্টিতেও তার দাপট অব্যাহত। ওয়ারউইকশায়ারের হয়ে আট ইনিংসে ইতোমধ্যে ২১ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে সামারসেটের বিপক্ষে রয়েছে ৫ উইকেটের দুর্দান্ত পারফরম্যান্স।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026