1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে জাতীয় পর্যায়ে তুলে আনার কার্যক্রম চলছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের হাবিব উল্যাহ ডিগ্রি কলেজ মাঠে হাবিব উল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দেশে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন রয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে মাঠ সংরক্ষণের মাধ্যমে খেলাধুলার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি বলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেনিসসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন হচ্ছে। এসব আয়োজনে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি প্রমাণ করে, বাংলাদেশের মানুষের মধ্যে ফুটবলসহ খেলাধুলার প্রতি আগ্রহ এখনো ব্যাপক। এই আগ্রহকে কাজে লাগিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। রাজধানী কিংবা বড় শহরকেন্দ্রিক না থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিভাবান তরুণদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে সুযোগ দিতে হবে।

তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যুবসমাজকে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত করতে হবে। এর মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে যুবসমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান কিরণ। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026